যাত্রাবাড়ীতে পথচারীকে চাপা দিয়ে পালানোর সময় বাসসহ চালক আটক
Published : ০৯:৫১, ৩১ আগস্ট ২০২৬
রাজধানীর যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকায় বাসচাপায় এক পথচারী নিহত হয়েছেন। দুর্ঘটনার পর বাস নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ট্রাফিক পুলিশের ধাওয়ায় চালকসহ বাসটি আটক করা হয়। তবে তাৎক্ষণিকভাবে নিহত পথচারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
রোববার (৩০ আগস্ট) সকাল ১০টা ৫০ মিনিটের দিকে কুতুবখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আটক বাসচালকের নাম মো. সাইফুল (২৬)।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন জানান, কুতুবখালী এলাকায় একটি বাসের চালক পথচারীকে চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করেন।
তিনি বলেন, ঘটনাস্থলে দায়িত্ব পালনরত ট্রাফিক পুলিশ তাৎক্ষণিকভাবে সড়ক বন্ধ করে দেয়। পরে বাসটিকে ধাওয়া করে শনির আখড়া এলাকা থেকে চালকসহ আটক করা হয়।
ডিএমপির এই কর্মকর্তা জানান, বাসের নিচে চাপা পড়ে ওই পথচারী ঘটনাস্থলেই মারা যান। নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।
ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এদিকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আটক চালক ও বাসটি যাত্রাবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে যাত্রাবাড়ী ট্রাফিক জোন।

































