কুমিল্লায় ১৩ বছরের অপ্রতিমের মরদেহ উদ্ধার, সিসিটিভি দেখে তরুণ আটক

কুমিল্লায় ১৩ বছরের অপ্রতিমের মরদেহ উদ্ধার, সিসিটিভি দেখে তরুণ আটক ছবি: সংগৃহীত

জেলা প্রতিনিধি

Published : ১৮:৪৪, ১৯ সেপ্টেম্বর ২০২৬

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশিয়াত শাহরিয়ার অপ্রতিমের (১৩) মরদেহ উদ্ধারের ঘটনায় তুহিন (১৮) নামে এক তরুণকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম।

পুলিশ জানায়, ঘটনাটি তদন্ত করতে গিয়ে পাওয়া সিসিটিভি ফুটেজের ভিত্তিতে তুহিনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তে তার সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তবে তদন্তের স্বার্থে এ মুহূর্তে তার বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করতে চায়নি পুলিশ।

এর আগে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লার কোটবাড়ি এলাকা থেকে নিখোঁজ হয় অপ্রতিম। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, মায়ের আইফোন নিয়ে ছবি তুলতে বের হওয়ার পর সে আর বাড়িতে ফেরেনি। দীর্ঘ সময় খোঁজ করেও সন্ধান না পেয়ে অপ্রতিমের বাবা ফিরোজ শাহরিয়ার সদর দক্ষিণ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

নিখোঁজের একদিন পর শনিবার দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ গেটসংলগ্ন লালমাই পাহাড়ের পাশের সানন্দা গ্রামের একটি ঝোপ থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করে পুলিশ।

অপ্রতিম কুমিল্লা কোটবাড়ি এলাকার বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় শোকের পাশাপাশি ঘটনার কারণ ও জড়িতদের নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার সব দিক খতিয়ে দেখা হচ্ছে। আটক তুহিনকে জিজ্ঞাসাবাদসহ সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্য-উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।

শেয়ার করুনঃ
Advertisement