গজারিয়ায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪, গুরুতর আহত ১
Published : ১৮:৪৭, ১৯ সেপ্টেম্বর ২০২৬
মুন্সিগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাস ও একটি প্রাইভেটকারের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার জামালদি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে জানা যায়, দুপুর ২টা ৩৮ মিনিটে দুর্ঘটনার খবর পেয়ে গজারিয়া ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
দুর্ঘটনায় প্রাইভেটকারের চালক ঘটনাস্থলেই মারা যান। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আরও তিনজনকে মৃত ঘোষণা করেন। অপর আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
ফায়ার সার্ভিস জানায়, নিউ বলেশ্বর নামের যাত্রীবাহী বাসটি চট্টগ্রামের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে প্রাইভেটকারটি ঢাকার দিকে যাচ্ছিল। জামালদি বাসস্ট্যান্ড এলাকায় দুই গাড়ির মধ্যে সংঘর্ষ হলে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনার সময় প্রাইভেটকারটিতে চালকসহ মোট পাঁচজন ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, তারা মায়ামি রেস্টুরেন্ট থেকে খাওয়া-দাওয়া শেষে ঢাকার উদ্দেশে রওনা হয়েছিলেন।
দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট উদ্ধারকাজ পরিচালনা করে। নিহতদের মরদেহ ও দুর্ঘটনাকবলিত যানবাহন নিয়ে পরবর্তী আইনগত কার্যক্রম চলছে।































