ইশরাকের উদ্দেশ্য মহৎ, তবে পিস্তল উঁচিয়ে ধরার পদ্ধতি ভুল: আব্বাসী
Published : ১৪:৫৭, ২০ অক্টোবর ২০২৬
মাদকবিরোধী অবস্থানের জন্য ইশরাক হোসেনের প্রশংসা করলেও পিস্তল উঁচিয়ে ধরার পদ্ধতির সমালোচনা করেছেন ইসলামী বক্তা ড. সাইয়্যেদ মুহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী। একই সঙ্গে মাদকবিরোধী অভিযানের ইতিবাচক দিক তুলে না ধরায় সাংবাদিকদের একাংশের সমালোচনা করেছেন তিনি।
সোমবার (১৯ অক্টোবর) রাতে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নিশ্চিন্তপুর হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলে প্রধান বক্তার বক্তব্যে এসব কথা বলেন আব্বাসী।
ইশরাক হোসেনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘ইশরাক হোসেন মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। অবশ্যই এটা ঠিক। তার পিস্তল উঁচিয়ে ধরার পদ্ধতিটা খারাপ ছিল, উদ্দেশ্য মহৎ ছিল।’
আব্বাসীর অভিযোগ, মাদকবিরোধী অভিযানের ইতিবাচক দিক প্রচার না করে সাংবাদিকেরা পিস্তল হাতে দৌড়ানোর বিষয়টিকেই বেশি গুরুত্ব দিয়েছেন। সাংবাদিকদের একাংশকে ‘হলুদ সাংবাদিক’ আখ্যা দিয়ে তাঁদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বানও জানান তিনি।
তিনি বলেন, সাংবাদিকেরা ইতিবাচক সংবাদ প্রকাশ করলে মাদকবিরোধী অভিযান নিয়ে সরকারের সিদ্ধান্ত ভিন্ন হতে পারত। দেশে মাদকের বিস্তার মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার পাশাপাশি সামাজিকভাবেও কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।
একই অনুষ্ঠানে আওয়ামী লীগের নিরীহ নেতাকর্মী ও সমর্থকদের ক্ষতি না করার বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান আব্বাসী। তাঁর বক্তব্য, অপরাধীদের বিচার এবং খুনিদের শাস্তি নিশ্চিত করতে হবে। তবে নিরীহ ব্যক্তিদের ক্ষমা করে দেওয়াই দেশের জন্য কল্যাণকর।
বক্তব্যের আরেক অংশে রাজনৈতিক মতপার্থক্য ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।






























