নারায়ণগঞ্জে সিএনজিকে ধাক্কা দিয়ে সড়ক বিভাজকে প্রাইভেটকার, আহত ৩

নারায়ণগঞ্জে সিএনজিকে ধাক্কা দিয়ে সড়ক বিভাজকে প্রাইভেটকার, আহত ৩ ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ প্রতিনিধি

Published : ১৫:৩৪, ২০ অক্টোবর ২০২৬

নারায়ণগঞ্জে সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিয়ে সড়ক বিভাজকের ওপর উঠে গেছে একটি প্রাইভেটকার। এ ঘটনায় অটোরিকশার তিন যাত্রী আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি। দুর্ঘটনায় অটোরিকশাটিও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২০ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের যুব উন্নয়ন অধিদপ্তরের বিপরীত পাশে চাষাঢ়ামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ-থ-১১-১০৭৯ নম্বরের একটি সিএনজিচালিত অটোরিকশাকে চট্টগ্রাম মেট্রো-খ-১১-০০৭০ নম্বরের একটি সাদা রঙের প্রাইভেটকার ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারটি সড়ক বিভাজকের ওপর উঠে যায় এবং অটোরিকশার সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। এ সময় অটোরিকশায় থাকা তিন যাত্রী আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

অটোরিকশাটির চালক মো. সোহেল মিয়া নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকার বাসিন্দা। অন্যদিকে, প্রাইভেটকারের চালক নাসিম আনোয়ার সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকার বাসিন্দা।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সোহেল রানা জানান, দুর্ঘটনার খবর পেয়ে যানবাহন দুটি সড়ক থেকে সরিয়ে নিরাপদ স্থানে নেওয়া হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

শেয়ার করুনঃ
Advertisement