জাহাজে আগুন: সমুদ্রে লাফিয়ে পড়ে নাবিকের মৃত্যু
Published : ১১:৪৭, ৫ অক্টোবর ২০২৪
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এমটি বাংলার সৌরভ নামে একটি ট্যাংকারে আগুন লাগার ঘটনায় এক নাবিকের মৃত্যু হয়েছে।
চট্টগ্রাম কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট শাকিব মেহবুব জানান, ওই নাবিক আগুনে পুড়ে মারা যায়নি। আগুন লাগার পর নাবিকরা বঙ্গোপসাগরে লাফ দেন। পরে ৪৮ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়।
তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক ছিল। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শুক্রবার (৪ অক্টোবর) রাত পৌনে ১টার দিকে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মালিকানাধীন জাহাজ এমটি বাংলার সৌরভে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে নৌবাহিনী ও কোস্ট গার্ডের একাধিক টাগবোট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। রাত আড়াই টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
এমটি বাংলার সৌরভ ১৯৮৭ সালে ডেনমার্কে নির্মিত হয়েছিল। জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অপেক্ষমাণ বড় ট্যাংকার থেকে অপরিশোধিত জ্বালানি তেল সংগ্রহ করে পতেঙ্গার বিভিন্ন ডিপোতে নিয়ে আসে।
গত বছর ৩০ অক্টোবর বিএসসির মালিকানাধীন জাহাজ এমটি বাংলার জ্যোতিতে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনায় ৩ জন নিহত হন। এক বছরের মাথায় একই ধরনের রাষ্ট্রায়ত্ত আরেকটি জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো।
বিডি/ও


































