৭১ টিভির চেয়ারম্যান, সিওওসহ ৪ জনকে আদালতে হাজির হতে সমন জারি

৭১ টিভির চেয়ারম্যান, সিওওসহ ৪ জনকে আদালতে হাজির হতে সমন জারি মোস্তফা কামাল ও শফিক আহমেদ। ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৬:৫২, ১১ আগস্ট ২০২৬

বেসরকারি টেলিভিশন চ্যানেল ৭১ টিভির চেয়ারম্যান মোস্তফা কামাল ও চিফ অপারেটিং অফিসার (সিওও) শফিক আহমেদসহ চার কর্মকর্তার বিরুদ্ধে প্রতারণা, অপরাধজনক বিশ্বাসভঙ্গ ও প্রাণনাশের হুমকির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে মামলাটি করা হয়। আদালতের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমীন আক্তার অভিযোগটি আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে সমন জারি করেছেন।

মামলার অন্য দুই আসামি হলেন ৭১ টেলিভিশনের মানবসম্পদ বিভাগের এজিএম অসীম কুমার এবং হিসাব বিভাগের জেনারেল ম্যানেজার সুমন ভৌমিক।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ৭১ টেলিভিশনের বার্তা বিভাগের কো-অর্ডিনেটর বুলবুল আক্তার গত বছরের ১ মে প্রতিষ্ঠানটিতে যোগ দেন। চলতি বছরের ১২ মে কোনো পূর্ব নোটিশ ছাড়াই তার বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট ও অফিসিয়াল মোবাইল সিম বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।

পরে আইনজীবীর মাধ্যমে প্রতিষ্ঠানকে লিগ্যাল নোটিশ পাঠানো হলে তার মোট পাওনা ২ লাখ ১১ হাজার ৮৪০ টাকার মধ্যে ৮৮ হাজার ১২৫ টাকা পরিশোধ করা হয়। তবে অভিযোগ অনুযায়ী, বাকি ১ লাখ ২৩ হাজার ৩১৫ টাকা পরিশোধ করা হয়নি।

অভিযোগপত্রে আরও বলা হয়, গত ২৫ জুন বিকেলে বারিধারায় ৭১ টেলিভিশনের কার্যালয়ে বকেয়া পাওনা টাকা চাইতে গেলে আসামিরা তাকে দেখে নেওয়ার হুমকি দেন। পুনরায় টাকা দাবি করলে প্রাণনাশের হুমকি দেওয়ারও অভিযোগ করা হয়েছে।

মামলায় অভিযোগগুলো আদালতে উপস্থাপনের পর বিচারক আসামিদের বিরুদ্ধে সমন জারি করেন।

শেয়ার করুনঃ
Advertisement