চাষাঢ়ায় সয়েল টেস্টের শ্রমিকদের ওপর হামলা, ধারালো অস্ত্রে আহত ১
Published : ১০:২৪, ১ অক্টোবর ২০২৬
নারায়ণগঞ্জের চাষাঢ়ায় শহীদ জিয়া হলের নির্মাণকাজ শুরুর প্রস্তুতি হিসেবে সয়েল টেস্ট চলাকালে শ্রমিকদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ সময় ইমন নামে এক শ্রমিককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। হামলাকারীরা শ্রমিকদের মোবাইল ফোন, টাকা ও অন্যান্য মালামাল নিয়ে গেছে বলেও অভিযোগ রয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে শহীদ জিয়া হল এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে জাইকার অর্থায়নে হলটির নির্মাণকাজ শুরুর প্রস্তুতি হিসেবে বুধবার সকালে সেখানে সয়েল টেস্ট শুরু হয়।
স্থানীয় সূত্র ও সংশ্লিষ্টদের ভাষ্য, সকালে কয়েকজন সেখানে গিয়ে শ্রমিকদের হুমকি ও ভয়ভীতি দেখায়। তবে শ্রমিকরা কাজ চালিয়ে যান। পরে রাত সাড়ে ৯টার দিকে শ্রমিকরা খাবার খেতে গেলে দ্বিতীয় দফায় হামলার অভিযোগ ওঠে।
অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা রাইফেলস ক্লাবের ভেতর দিয়ে জিয়া হল এলাকায় প্রবেশ করে শ্রমিকদের ওপর হামলা চালায় এবং তাদের কাছ থেকে মোবাইল ফোন ও টাকা নিয়ে যায়। এ সময় ইমন দুই হামলাকারীকে আটকানোর চেষ্টা করলে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়। তাঁর দুই হাত গুরুতর জখম হয়।
পরে স্থানীয়রা আহত শ্রমিকদের উদ্ধার করে নারায়ণগঞ্জ শহরের খানপুর ৫০০ শয্যা হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল বাশার জানান, ইমনের দুই হাতে সেলাই দিতে হয়েছে।
ঘটনার খবর পেয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান হাসপাতালে গিয়ে আহত শ্রমিকদের খোঁজখবর নেন। তিনি দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য পুলিশের প্রতি আহ্বান জানান।
ওই ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা শওকত হাসেম শকুও হামলার বর্ণনা দেন এবং জিয়া হল এলাকায় রাইফেলস ক্লাবের ভেতর দিয়ে হামলাকারীদের প্রবেশের কথা জানান।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুর রহমান বলেন, আহত শ্রমিকরা থানায় এসেছেন। মামলা করার প্রক্রিয়া চলছে। হামলার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

































