একদিন পরই আবার বাড়ল স্বর্ণের দাম

একদিন পরই আবার বাড়ল স্বর্ণের দাম ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১২:৫২, ৮ আগস্ট ২০২৬

একদিনের ব্যবধানে দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা।

শনিবার (৮ আগস্ট) সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন দর ঘোষণা করে বাজুস। আজ সকাল ১০টা থেকে দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে নতুন এ দাম কার্যকর হয়েছে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৩ হাজার ৫৪১ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৯১ হাজার ৯৩১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৬ হাজার ৮২২ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে, সর্বশেষ শুক্রবার (৭ আগস্ট) স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা। একই সঙ্গে ২১ ক্যারেটের দাম ২ লাখ ১৯ হাজার ৩৪২ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮৮ হাজার ৩৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৫৩ হাজার ৮৪৮ টাকা নির্ধারণ করা হয়েছিল।

অর্থাৎ শুক্রবারের কমানোর পর মাত্র একদিনের ব্যবধানেই ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা বাড়ানো হলো।

এ নিয়ে চলতি বছর দেশের বাজারে স্বর্ণের দাম মোট ১০০ বার সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৪৯ দফা দাম বাড়ানো, ৫০ দফা কমানো এবং এক দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে।

শেয়ার করুনঃ
Advertisement