দাউদের জন্মদিনে না জেনেই গান
Published : ১৩:০২, ১৩ আগস্ট ২০২৬
নব্বইয়ের দশকের বলিউড ও আন্ডারওয়ার্ল্ডের যোগসূত্র নিয়ে দীর্ঘদিন ধরেই নানা আলোচনা রয়েছে। চলচ্চিত্রে অর্থায়ন, বিদেশে স্টেজ শো আয়োজন এবং শিল্পীদের হুমকি—সব মিলিয়ে বলিউডের ইতিহাসের বিতর্কিত এক অধ্যায় হয়ে আছে সেই সময়। এবার সেই সময়ের দুটি অভিজ্ঞতা শেয়ার করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী কুমার শানু।
সম্প্রতি এক সাক্ষাৎকারে কুমার শানু জানান, একবার সংগীত পরিচালক নাদিম সাইফির মাধ্যমে তিনি দুবাইয়ের একটি জন্মদিনের অনুষ্ঠানে গান গাওয়ার প্রস্তাব পান। অনুষ্ঠানটি কার বা কার জন্মদিন—তা তাঁকে জানানো হয়নি। দুবাই গিয়ে তিনি অতিথিদের অনুরোধে নিজের জনপ্রিয় গান পরিবেশন করেন।
ভারতে ফিরে কয়েক দিন পর সংবাদপত্রে প্রকাশিত ছবি দেখে তিনি জানতে পারেন, ওই অনুষ্ঠানের আয়োজক ছিলেন ভারতের পলাতক আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিম। বিষয়টি জানার পর তিনি বিস্মিত হন। কুমার শানুর দাবি, আগে থেকে জানতে পারলে তিনি কখনোই ওই অনুষ্ঠানে যেতেন না।
আবু সালেমের অনুষ্ঠানেও পুলিশের সতর্কবার্তা
আরেকটি ঘটনার কথা বলতে গিয়ে কুমার শানু জানান, একসময় তাঁর কাছে ফোন করে অর্থ দাবি করা হয়েছিল। তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালেও গান গাওয়ার অনুষ্ঠানে যেতে রাজি ছিলেন। পরে দুবাইয়ের একটি অনুষ্ঠানে যাওয়ার প্রস্তাব পান, যেটি আন্ডারওয়ার্ল্ডের আরেক আলোচিত ব্যক্তি আবু সালেমের সঙ্গে সংশ্লিষ্ট বলে জানতে পারেন।
অনুষ্ঠানে যাওয়ার আগে ভারতীয় পুলিশ তাঁর সঙ্গে যোগাযোগ করে সেখানে না যাওয়ার পরামর্শ দেয়। এমনকি গেলে তাঁকে গ্রেপ্তার করা হতে পারে বলেও সতর্ক করা হয়।
কুমার শানুর ভাষ্য, তিনি তখন পুলিশের কাছে জানতে চান—অনুষ্ঠান বাতিল করার পর যদি তাঁর ওপর হামলা হয়, তাহলে তাঁর নিরাপত্তার দায়িত্ব কে নেবে? শেষ পর্যন্ত তিনি অনুষ্ঠানে যান, গান পরিবেশন করেন এবং নিরাপদে দেশে ফিরে আসেন।
‘আমি কখনো আন্ডারওয়ার্ল্ডের লোক ছিলাম না’
কুমার শানু স্পষ্ট করে বলেন, আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে তাঁর কখনো ব্যক্তিগত সম্পর্ক ছিল না। তাঁর দাবি, নব্বইয়ের দশকে অনেক শিল্পীই জানতেন না কোনো অনুষ্ঠানের প্রকৃত আয়োজক কারা।
তিনি বলেন, শিল্পীদের কাজ ছিল মঞ্চে উঠে গান গাওয়া। ওই সময়ে বলিউডের কিছু চলচ্চিত্রে আন্ডারওয়ার্ল্ডের অর্থ বিনিয়োগের অভিযোগও ছিল। পরবর্তীতে করপোরেট বিনিয়োগ ও ব্যাংক ঋণের সুযোগ বাড়ার সঙ্গে সঙ্গে চলচ্চিত্রে সেই প্রভাব অনেকটাই কমে আসে।

































