হলিউডে সাফা কবির, ঘুরছেন নিজের মতো করে

হলিউডে সাফা কবির, ঘুরছেন নিজের মতো করে ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

Published : ১৩:০৮, ১৩ আগস্ট ২০২৬

হঠাৎ সামাজিক যোগাযোগমাধ্যমে হলিউডের বিখ্যাত ‘Hollywood’ সাইনের সামনে সাফা কবিরের ছবি দেখে অনেকেই ভেবেছিলেন, ছবিটি হয়তো পুরোনো। তবে যোগাযোগ করা হলে অভিনেত্রী জানালেন, ছবিটি সাম্প্রতিক। তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অবস্থান করছেন।

লস অ্যাঞ্জেলেসে যাওয়ার পর থেকেই শহরটির দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখার পরিকল্পনা ছিল সাফার। সেই তালিকায় অন্যতম ছিল হলিউড। শৈশব থেকেই হলিউডের নাম শুনে আসা এই অভিনেত্রী এবারই প্রথম সেখানে গেলেন।

হলিউডের অভিজ্ঞতা নিয়ে সাফা বলেন, জায়গাটি তাঁর ভীষণ ভালো লেগেছে। বিশেষ করে সেখান থেকে লস অ্যাঞ্জেলেস শহরের সুন্দর দৃশ্য উপভোগ করেছেন তিনি। তবে পাহাড়ের ওপরের ভিউ দেখতে উঠতে বেশ কষ্টও হয়েছে বলে জানান।

দেড় বছর পর ভ্রমণে সাফা

একসময় টানা শুটিং নিয়ে ব্যস্ত থাকতেন সাফা কবির। একের পর এক কাজের কারণে নিজের জন্য সময় বের করা কঠিন হয়ে পড়েছিল। তাই এখন প্রতিবছরই নিজের জন্য কিছুটা সময় রেখে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেছেন তিনি।

প্রায় দেড় বছর পর এবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বিভিন্ন শহর ঘুরে দেখছেন এই অভিনেত্রী। তাঁর পছন্দের তালিকায় রয়েছে সান্তা মনিকা পিয়ার, গ্রিফিথ অবজারভেটরিসহ আরও বেশ কিছু দর্শনীয় স্থান।

সান্তা মনিকা পিয়ারের পরিবেশও বেশ উপভোগ করছেন তিনি। প্রশান্ত মহাসাগরের তীরে অবস্থিত এই পর্যটনকেন্দ্রের প্যাসিফিক পার্ক, অ্যামিউজমেন্ট পার্ক ও সোলারচালিত ফেরিস হুইল তাঁকে আকর্ষণ করেছে।

শুটিংকে ‘না’ বলে ভ্রমণে

শুটিংয়ের কারণে বিভিন্ন জায়গায় যাওয়া হলেও কাজের ব্যস্ততার মধ্যে সেসব স্থান নিজের মতো করে ঘুরে দেখা হয়ে ওঠে না সাফার। সেই আফসোস থেকেই এখন কাজের বাইরে ভ্রমণকে গুরুত্ব দিচ্ছেন তিনি।

সাফা বলেন, নতুন পরিবেশ, সংস্কৃতি ও দেশ দেখতে তাঁর ভালো লাগে। গত বছর তুষারপাত দেখার স্বপ্ন পূরণ হয়েছিল তাঁর। এবার যুক্তরাষ্ট্রে এসে পর্যটকদের কাছে জনপ্রিয় জায়গাগুলো ঘুরে দেখছেন।

‘টপ ভিউ’ দেখতেই পছন্দ

ভ্রমণের সময় সাফা কবিরের বিশেষ একটি অভ্যাস রয়েছে—যে জায়গাতেই যান, সেখানকার সবচেয়ে উঁচু স্থান থেকে পুরো এলাকার দৃশ্য দেখার চেষ্টা করেন।

তাঁর ভাষায়, ছোটবেলা থেকেই কোনো জায়গার টপ ভিউ দেখার প্রতি তাঁর আগ্রহ। যুক্তরাষ্ট্রে এসেও বিভিন্ন শহরের ওপর থেকে দৃশ্য দেখেছেন তিনি। হলিউডে আসার অন্যতম কারণও ছিল ওপর থেকে পুরো লস অ্যাঞ্জেলেস দেখার ইচ্ছা।

পাহাড় ও সমুদ্র—দুটিই সাফাকে বেশি টানে। সমুদ্রের পাশে বসে খেতে যেমন পছন্দ করেন, তেমনি শপিং মলে ঘোরাঘুরি ও কেনাকাটাও তাঁর পছন্দের। দেশে থাকলেও কক্সবাজার ও পার্বত্য অঞ্চলে ঘুরতে ভালোবাসেন এই অভিনেত্রী।

শেয়ার করুনঃ
Advertisement