দ্বিতীয় সন্তানের অপেক্ষায় কিয়ারা-সিদ্ধার্থ

দ্বিতীয় সন্তানের অপেক্ষায় কিয়ারা-সিদ্ধার্থ ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

Published : ১৪:৪৭, ৭ অক্টোবর ২০২৬

বলিউডের তারকা দম্পতি কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রার পরিবারে আবারও আসছে নতুন অতিথি। দ্বিতীয়বারের মতো বাবা-মা হতে চলেছেন তারা। সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন একটি পোস্টের মাধ্যমে ভক্তদের সঙ্গে সুখবরটি ভাগ করে নিয়েছেন এই তারকা জুটি।

ইনস্টাগ্রামে প্রকাশিত ছবিতে কিয়ারা ও সিদ্ধার্থের হাতের পাশাপাশি দেখা যায় তাদের প্রথম সন্তান সারায়াহর হাত। তিনজনের হাতের পাশে রাখা ছিল ছোট্ট একজোড়া ক্রোশিয়ার শিশুর মোজা। ছবিটির সঙ্গে দেওয়া বার্তায় তারা জানান, আবারও জীবনের সবচেয়ে বড় উপহারে আশীর্বাদধন্য হয়েছেন এবং তাদের হৃদয় ভালোবাসা ও কৃতজ্ঞতায় ভরে উঠেছে।

সুখবর প্রকাশের পরপরই শুভেচ্ছার বন্যায় ভাসছেন কিয়ারা ও সিদ্ধার্থ। বলিউডের অনেক তারকাই তাদের পোস্টে ভালোবাসা ও শুভকামনা জানিয়েছেন। শুভেচ্ছা জানানোদের মধ্যে রয়েছেন করণ জোহর, আথিয়া শেঠি, ভূমি পেডনেকর ও মানীশ মালহোত্রাসহ আরও অনেকে।

২০২৩ সালের ফেব্রুয়ারিতে বিয়ের পর ২০২৫ সালের জুলাইয়ে প্রথম সন্তানের বাবা-মা হন কিয়ারা ও সিদ্ধার্থ। তাদের মেয়ের নাম সারায়াহ। প্রথমবার মা-বাবা হওয়ার খবরও তারা একই বছরের ফেব্রুয়ারিতে ছোট্ট একজোড়া শিশুর মোজার ছবি প্রকাশ করে জানিয়েছিলেন।

‘শেরশাহ’ সিনেমায় একসঙ্গে অভিনয়ের সময় কিয়ারা ও সিদ্ধার্থের সম্পর্কের শুরু। পর্দার জুটি ধীরে ধীরে বাস্তব জীবনের প্রেমের সম্পর্কে জড়ান। পরে ২০২৩ সালে রাজস্থানের জয়সালমেরের সূর্যগড় প্যালেসে ঘরোয়া আয়োজনে বিয়ে করেন তারা।

ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই বেশ গোপনীয় কিয়ারা ও সিদ্ধার্থ। সন্তানদের নিয়েও প্রকাশ্যে খুব বেশি কথা বলেন না তারা। এবারও দ্বিতীয় সন্তানের আগমনের খবর সরাসরি জানানোর বদলে প্রতীকী একটি ছবির মাধ্যমে সুখবরটি ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন এই দম্পতি।

বিষয়ঃ
শেয়ার করুনঃ
Advertisement