আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস

আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ছবি : ইউনেস্কাে

Published : ১৪:২৩, ৩ মে ২০২৬

আজ ৩ মে বিশ্বব্যাপী পালিত হচ্ছে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। প্রতি বছর এই দিনে গণমাধ্যমের স্বাধীনতা, দায়িত্বশীল সাংবাদিকতা এবং মতপ্রকাশের অধিকারের গুরুত্ব তুলে ধরা হয়।

এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— “শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠন : মানবাধিকার, উন্নয়ন ও নিরাপত্তার জন্য সংবাদপত্রের স্বাধীনতার প্রসার”।

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশ-এও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হচ্ছে। দিবসটি উপলক্ষে দেশের সাংবাদিকরা পেশাগত অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় বিভিন্ন কর্মসূচি পালন করছেন।

১৯৯১ সালে ইউনেস্কো-এর ২৬তম সাধারণ অধিবেশনের সুপারিশের ভিত্তিতে ১৯৯৩ সালে জাতিসংঘ সাধারণ পরিষদ ৩ মে তারিখকে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস হিসেবে স্বীকৃতি দেয়। এরপর থেকে বিশ্বজুড়ে দিবসটি পালন করা হচ্ছে।

দিবসটির মাধ্যমে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা, সংবাদপত্রের স্বাধীনতার মৌলিক নীতিমালা অনুসরণ এবং স্বাধীন সাংবাদিকতার প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। একই সঙ্গে বিশ্বব্যাপী গণমাধ্যমের স্বাধীনতার মূল্যায়ন, স্বাধীনতায় হস্তক্ষেপ প্রতিরোধ এবং ত্যাগী সাংবাদিকদের স্মরণ করা হয়।

দিবসটি উপলক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে। সকাল ৯টায় রাজধানীর অফিসার্স ক্লাব প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি শুরু হয়ে তথ্য ভবন কমপ্লেক্স-এ গিয়ে শেষ হয়।

এছাড়া সকাল সাড়ে ৯টায় তথ্য ভবন কমপ্লেক্সের চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন প্রধান অতিথি এবং প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ
Advertisement