যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরছে নিহত শিক্ষার্থী বৃষ্টির মরদেহ
Published : ২০:১৩, ৮ মে ২০২৬
যুক্তরাষ্ট্রে মর্মান্তিক হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি-র মরদেহ সব ধরনের আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে বাংলাদেশের পথে পাঠানো হয়েছে।
আজ শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল মিয়ামি এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সন্ধ্যায় অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাই হয়ে বৃষ্টির মরদেহ বাংলাদেশের উদ্দেশ্যে পাঠানো হয়েছে। বাংলাদেশ সময় শনিবার সকাল ৮টা ৪০ মিনিটে মরদেহটি দেশে পৌঁছানোর কথা রয়েছে।
গত ১ মে হিলসবোরো কাউন্টি শেরিফ অফিস বৃষ্টির মরদেহ শনাক্ত করে। এরপর ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও মিয়ামির বাংলাদেশ কনস্যুলেট জেনারেল নিহত শিক্ষার্থীর পরিবার, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, ট্যাম্পায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি এবং স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে দ্রুত আইনি প্রক্রিয়া সম্পন্ন করে।
এর আগে বুধবার জোহরের নামাজের পর ট্যাম্পা বে এলাকার একটি ইসলামিক সোসাইটি মসজিদে বৃষ্টির জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা-এর শিক্ষার্থী, মিয়ামি কনস্যুলেটের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী এবং প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সদস্যরা অংশ নেন।
প্রবাসী বাংলাদেশি সমাজে এই ঘটনায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।


































