আজ প্রপোজ ডে, জেনে নিন মনের কথা জানানোর সেরা ৭ উপায়

আজ প্রপোজ ডে, জেনে নিন মনের কথা জানানোর সেরা ৭ উপায় ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৩:৫০, ৮ ফেব্রুয়ারি ২০২৬

চলতি বছরে ভ্যালেন্টাইন দিবস উপলক্ষে ভালোবাসা সপ্তাহ ইতোমধ্যে শুরু হয়ে গেছে। আজ রোববার (৮ ফেব্রুয়ারি) পালিত হচ্ছে প্রপোজ ডে। দীর্ঘদিন ধরে যদি কাউকে মনের গভীরে ভালো লেগে থাকে, তবে আজকের দিনটি হতে পারে সেই অনুভূতি প্রকাশ করার সবচেয়ে উপযুক্ত সময়।

তবে ভালোবাসা থাকলেও অনেকেই সিদ্ধান্তহীনতায় ভোগেন—কীভাবে বলবেন, কোন উপায়ে প্রস্তাব দেবেন। কারও ক্ষেত্রে লজ্জা, আবার কারও ক্ষেত্রে ভয় কাজ করে। তাই প্রিয় মানুষটির কাছে মনের কথা পৌঁছে দিতে জেনে নেওয়া যাক কিছু সহজ কিন্তু সৃজনশীল উপায়।

১. চিঠি কিংবা কবিতা

ডিজিটাল যুগে এসেও হাতে লেখা চিঠির আলাদা গুরুত্ব রয়েছে। নিজের অনুভূতিগুলো গুছিয়ে একটি চিঠি লিখতে পারেন অথবা চার লাইনের ছোট কবিতায় মনের কথা প্রকাশ করতে পারেন। মনে রাখবেন, অন্যের লেখা কপি করার চেয়ে নিজের অগোছালো কথাগুলোই প্রিয় মানুষের কাছে বেশি আন্তরিক ও অর্থবহ হবে।

২. গানের মাধ্যমে প্রস্তাব

ভালোবাসার অনুভূতি প্রকাশের অন্যতম সহজ মাধ্যম হলো গান। আপনার যদি গান গাওয়ার সামান্য দক্ষতাও থাকে, তবে একটি রোমান্টিক গান গেয়ে তাকে প্রপোজ করতে পারেন। আর গানটি যদি নিজের লেখা হয়, তাহলে তা সঙ্গীর কাছে আরও বেশি স্পেশাল ফিল (Special feel) তৈরি করবে।

৩. বই উপহার দিয়ে

যদি আপনার সঙ্গী বইপ্রেমী হন, তাহলে একটি রোমান্টিক বই উপহার দিতে পারেন। বইয়ের ভেতরে একটি ছোট চিরকুটে (Love Note) মনের কথাটি লিখে রেখে তাকে কোনো নির্দিষ্ট পৃষ্ঠা পড়তে বলতে পারেন। এমন সারপ্রাইজ তাকে নিঃসন্দেহে অবাক ও খুশি করবে।

৪. স্মৃতিচারণ

আপনাদের একসঙ্গে কাটানো সুন্দর মুহূর্তগুলোর ছবি ও স্মৃতি দিয়ে একটি ছোট বক্স বানাতে পারেন। প্রতিটি ছবির পেছনে ছোট ছোট নোট লিখুন। আর একেবারে শেষ নোটে তাকে জীবনসঙ্গী হিসেবে পাওয়ার প্রস্তাব (Marriage Proposal) রাখুন—এতে মুহূর্তটি হয়ে উঠবে আরও আবেগঘন।

৫. ক্যান্ডেল লাইট ডিনার

রোমান্টিক পরিবেশে প্রপোজ করতে চাইলে ক্যান্ডেল লাইট ডিনারের বিকল্প নেই। মোমবাতির নরম আলো আর পছন্দের খাবারের মাঝে নিজের ভালো লাগার কথাটি জানিয়ে দিন। এমন আবহে ‘না’ বলা অনেক সময়ই কঠিন হয়ে পড়ে।

৬. প্রযুক্তি ব্যবহার করে

সঙ্গী যদি প্রযুক্তিপ্রেমী হন, তাহলে তার জন্য একটি ইন্টারেক্টিভ ওয়েবসাইট তৈরি করতে পারেন। এছাড়া অনলাইনে ভিডিও কল বা ডিজিটাল কার্ডের মাধ্যমেও তাকে চমকে দেওয়া সম্ভব।

৭. আংটি দিয়ে সারপ্রাইজ

যদি সম্পর্কটি অনেকদিনের হয় এবং আপনি বিয়ের জন্য প্রস্তুত থাকেন, তাহলে একটি সুন্দর আংটি (Proposal Ring) নিয়ে হাঁটু গেড়ে বসে প্রস্তাব দিন। এটি সবচেয়ে ক্লাসিক এবং কার্যকরী উপায় হিসেবেই পরিচিত।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement