জুলাই স্মৃতি জাদুঘরের দুয়ার খুলেছে, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
Published : ১০:১৯, ৫ আগস্ট ২০২৬
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণের লক্ষ্যে নির্মিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাদুঘরটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল।
বুধবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জাদুঘরের স্মৃতিফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। পরে সুরা ফাতিহা পাঠ, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
উদ্বোধনের পর প্রধানমন্ত্রী জাদুঘরের বিভিন্ন গ্যালারি ও প্রদর্শনী ঘুরে দেখেন। সেখানে সংরক্ষিত আলোকচিত্র, দলিলপত্র, স্মারক ও অন্যান্য নিদর্শন পরিদর্শনের মাধ্যমে তিনি জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন অধ্যায় সম্পর্কে অবহিত হন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।
অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ, গণমানুষের অংশগ্রহণ এবং আন্দোলনের ইতিহাসভিত্তিক একটি প্রামাণ্যচিত্রও প্রদর্শন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান এবং প্রধানমন্ত্রীর তথ্য ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান।
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনকে রূপান্তর করে এই জাদুঘর প্রতিষ্ঠা করা হয়েছে। বিভিন্ন প্রশাসনিক জটিলতার কারণে এতদিন এটি চালু করা সম্ভব হয়নি। অবশেষে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে জাদুঘরটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশত্যাগ করলে ৮ আগস্ট অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে। পরবর্তীতে সেই সরকারের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণের অংশ হিসেবে গণভবনকে এই স্মৃতি জাদুঘরে রূপান্তর করা হয়।
জাদুঘরটি বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের গুরুত্বপূর্ণ এক অধ্যায়ের ইতিহাস সংরক্ষণ, নতুন প্রজন্মের কাছে জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট তুলে ধরা এবং শহীদ ও অংশগ্রহণকারীদের আত্মত্যাগের স্মৃতি অম্লান রাখার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছে।
উদ্বোধনের দিন জাদুঘরটি শুধুমাত্র আমন্ত্রিত অতিথিদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার থেকে সাধারণ দর্শনার্থীরা জাদুঘরটি পরিদর্শনের সুযোগ পাবেন।






























