সংবাদপত্র সমাজের দর্পণ: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
Published : ১২:৪৫, ৮ আগস্ট ২০২৬
সংবাদপত্র একটি দেশের দর্পণের মতো কাজ করে বলে মন্তব্য করেছেন টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
তিনি বলেন, সমাজের বিভিন্ন ত্রুটি-বিচ্যুতি তুলে ধরার পাশাপাশি মানুষকে সঠিক পথে চলতে এবং সমাজকে সুন্দর ও নিয়মতান্ত্রিকভাবে পরিচালনায় সংবাদপত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একই সঙ্গে অপসাংবাদিকতা রোধে প্রকৃত সাংবাদিকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
শুক্রবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবে সাপ্তাহিক ‘সময় তরঙ্গ’-এর উদ্বোধন ও প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, সাংবাদিকদের দায়িত্ব হলো বস্তুনিষ্ঠভাবে সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের বিভিন্ন সমস্যা ও অসংগতি তুলে ধরা। মানুষের সঠিক পথে চলা এবং সমাজকে সুন্দর ও নিয়মতান্ত্রিকভাবে পরিচালনার ক্ষেত্রেও সংবাদপত্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তিনি বলেন, সাংবাদিকতার ক্ষেত্রে কিছু অপসাংবাদিকতার চর্চা রয়েছে, যা অবশ্যই পরিহার করতে হবে। প্রকৃত সাংবাদিকদের দায়িত্বশীলতার সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করে গণমাধ্যমের মর্যাদা সমুন্নত রাখতে হবে।
গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, “আমরা কখনোই গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করব না। কারও স্বাধীনতায় আমরা হস্তক্ষেপ করব না। আমরা সাংবাদিকদের সর্বোচ্চ সহযোগিতা করব।”
তিনি আরও বলেন, সাংবাদিকরাই তাদের নেতৃত্ব নির্বাচন করবেন। সরকারের দায়িত্ব হবে সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার জন্য প্রয়োজনীয় পরিবেশ নিশ্চিত করা।
টাঙ্গাইলের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, টাঙ্গাইল একটি বৃহৎ, সমৃদ্ধ ও ঐতিহ্যবাহী অঞ্চল। এ জেলার গর্ব করার মতো অনেক বিষয় রয়েছে। টাঙ্গাইলকে আরও এগিয়ে নিতে হলে সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।
সাপ্তাহিক ‘সময় তরঙ্গ’-এর সম্পাদক ও প্রকাশক মো. রওশন আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী এবং টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা।
এ ছাড়া অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

































