খুলেছে মালয়েশিয়ার শ্রমবাজার: এবার চাহিদাপত্র পেলো আত-তাকওয়া
Published : ১৯:৪৭, ৯ অক্টোবর ২০২৬
দীর্ঘদিন বন্ধ থাকার পর বাংলাদেশি কর্মীদের জন্য আবারও উন্মুক্ত হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার। প্রথম ধাপে গুডনেস সার্ভিসেস লিমিটেডকে (আরএল-২০৬৮) ২৮ জন কর্মী নিয়োগের চাহিদাপত্র সত্যায়নের পর এবার আত-তাকওয়া ওভারসীজ লিমিটেডকে (আরএল-১৭০৩) ২৬ জন কর্মী নিয়োগের চাহিদাপত্র অনুমোদন দিয়েছে মালয়েশিয়ার হাইকমিশন।
জানা গেছে, মালয়েশিয়ার সুপারমার্কেট চেইন এনএসকে ট্রেড সিটির চাহিদার পরিপ্রেক্ষিতে প্রথম ধাপে গুডনেস সার্ভিসেস লিমিটেডের জন্য ২৮ জন বাংলাদেশি কর্মী নিয়োগের চাহিদাপত্র সত্যায়ন করা হয়েছিল। এবার দ্বিতীয় ধাপে মালয়েশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান শরীকত পারনিগান মনজার চাহিদার ভিত্তিতে আত-তাকওয়া ওভারসীজ লিমিটেডের জন্য কর্মী নিয়োগের চাহিদাপত্র অনুমোদন দেওয়া হয়েছে।
আত-তাকওয়া ওভারসীজ লিমিটেডের (আরএল-১৭০৩) ম্যানেজার মোহাম্মদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। মালয়েশিয়ার হাইকমিশন থেকেও এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
২০২৪ সালের মে মাসে বন্ধ হয় শ্রমবাজার
এর আগে ২০২৪ সালের ৩১ মে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী প্রবেশের সুযোগ বন্ধ হয়ে যায়। কর্মী নিয়োগে অনিয়ম, অতিরিক্ত ব্যয় ও বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই সময় নতুন কর্মী প্রবেশ বন্ধ করে দেয় মালয়েশিয়া সরকার।
শ্রমবাজার পুনরায় চালুর উদ্যোগ
প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব নেওয়ার পর বৈদেশিক কর্মসংস্থান নিয়ে বিশেষ বৈঠকে বন্ধ ও সংকুচিত শ্রমবাজারগুলো পুনরায় উন্মুক্ত করার ওপর গুরুত্ব দেন। এ লক্ষ্যে তিনি মালয়েশিয়া সফর করেন। সফরকালে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ পুনরায় শুরুর বিষয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে আলোচনা করেন তিনি।
এর ধারাবাহিকতায় বাংলাদেশি কর্মী নিয়োগের পথ আবারও উন্মুক্ত করার উদ্যোগ নিয়েছে মালয়েশিয়া। দীর্ঘদিন বন্ধ থাকা এই শ্রমবাজারে প্রাথমিকভাবে ১০ হাজার বাংলাদেশি কর্মী নেওয়ার সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা নিশ্চিত করার পরিকল্পনা
মালয়েশিয়ায় কর্মী পাঠানোর আগে নিয়োগদাতাদের চাহিদা অনুযায়ী তাঁদের প্রশিক্ষণ দিয়ে দক্ষতা নিশ্চিত করা হবে। এরপর মালয়েশিয়ার নিয়োগদাতারা বাংলাদেশে এসে নিজেদের প্রয়োজন অনুযায়ী কর্মী বাছাই করবেন।
গত ৪ অক্টোবর সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব তথ্য জানান শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

































