প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ

প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ ফাইল ছবি

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১০:৪৮, ১৭ আগস্ট ২০২৬

সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের ছয় মাস পূর্তি উপলক্ষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করবে সরকার। সোমবার (১৭ আগস্ট) প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের শাপলা হলে এ সভা অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, সকাল ১১টায় মতবিনিময় সভা শুরু হবে। এতে মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তারা অংশ নেবেন।

সভায় সরকারের বিভিন্ন কার্যক্রম ও অগ্রাধিকার নিয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের উত্তর দেবেন সংশ্লিষ্ট উপদেষ্টা ও মন্ত্রীরা।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, সভায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, রাজনৈতিক উপদেষ্টা ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা রুহুল কবির রিজভী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী উপস্থিত থাকবেন।

এ ছাড়া প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ডা. জাহিদ উর রহমান, প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার, প্রেস সচিব ও কার্যালয়ের মুখপাত্র সালেহ শিবলী, মুখ্য সমন্বয়ক (এসডিজি বিষয়ক) অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়াল, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সদস্যরা সভায় অংশ নেবেন।

মতবিনিময় সভায় সরকারের ছয় মাসের কার্যক্রম, বিভিন্ন নীতিগত উদ্যোগ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

শেয়ার করুনঃ
Advertisement