সুখী সমৃদ্ধ ও কল্যাণমুখী বাংলাদেশ গড়তে চাই’: মির্জা ফখরুল

সুখী সমৃদ্ধ ও কল্যাণমুখী বাংলাদেশ গড়তে চাই’: মির্জা ফখরুল ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৩:৪১, ২০ আগস্ট ২০২৬

সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী একটি নতুন বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেছেন বিএনপির মহাসচিব ও রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, এমন একটি বাংলাদেশ দেখতে চান, যেখানে প্রান্তিক ও শ্রমজীবী মানুষ নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারবেন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ শুরুর আগে টেলিফোনে দেওয়া বক্তব্যে নিজের প্রত্যাশার কথা জানান মির্জা ফখরুল।

তিনি বলেন, ‘আমি এমন একটি বাংলাদেশ দেখব, যা আমি প্রত্যাশা করছি, যা আমি মনে মনে স্বপ্ন দেখছি। সেটি হচ্ছে একটি সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী রাষ্ট্র।’

মির্জা ফখরুল বলেন, দেশের খেটে খাওয়া মানুষ ও দিনে এনে দিনে খাওয়া শ্রমজীবীরা যেন দুই বেলা পেট ভরে খেতে পারেন, সুস্থ পরিবেশে বসবাস করতে পারেন এবং নিরাপদে-নিশ্চিন্তে জীবনযাপন করতে পারেন—এমন বাংলাদেশ গড়ে তুলতে চান তিনি।

তিনি আরও বলেন, দেশের বিশাল তরুণ জনগোষ্ঠীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। একইসঙ্গে জনসংখ্যার অর্ধেক নারী সমাজের আত্মকর্মসংস্থানের সুযোগ বাড়াতে হবে।

‘আত্মমর্যাদাশীল দেশ হিসেবে পরিচিতি পাবে বাংলাদেশ’

মির্জা ফখরুল বলেন, বিশ্বের বুকে বাংলাদেশকে একটি আত্মমর্যাদাশীল দেশ হিসেবে পরিচিত করতে চান তিনি।

তার প্রত্যাশা, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ একটি জনকল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে।

দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি মহান সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া আদায় করেন। পাশাপাশি অধিকার আদায়ের দীর্ঘ সংগ্রামে পাশে থাকা দেশবাসী, গণমাধ্যম ও সব শ্রেণি-পেশার মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সবচেয়ে বেশি কৃতজ্ঞতা প্রকাশ করেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি।

খালেদা জিয়ার কথা স্মরণ করে আবেগাপ্লুত

রাষ্ট্রপতি নির্বাচনের আগে নিজের রাজনৈতিক জীবনের নানা স্মৃতির কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন মির্জা ফখরুল। তিনি বলেন, নতুন দায়িত্বে গেলে অনেক কিছুই মিস করবেন।

এ সময় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কথা বিশেষভাবে স্মরণ করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়ার সান্নিধ্য ও স্নেহ তিনি পেয়েছেন। তার কথা মনে পড়লে আবেগে আপ্লুত হয়ে পড়েন বলেও জানান বিএনপির এই নেতা।

দেশবাসীর উদ্দেশে তিনি সবাইকে ভালো, সুস্থ ও নিরাপদ থাকার জন্য দোয়া করেন এবং কল্যাণমুখী রাষ্ট্র নির্মাণে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান।

আজ ভোট, এরপরই শূন্য হবে ঠাকুরগাঁও আসন

বৃহস্পতিবার দুপুর ২টা থেকে জাতীয় সংসদের সংসদকক্ষে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হবে। ভোট চলবে বিকেল ৫টা পর্যন্ত। নির্বাচনের নির্বাচনি কর্তা হিসেবে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন ভোটগ্রহণ পরিচালনা করবেন।

মির্জা ফখরুল জানিয়েছেন, তিনি দুপুর ২টায় সংসদে গিয়ে নিজের ভোট দেবেন।

রাষ্ট্রপতি পদে নির্বাচিত হলে তার ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনটি শূন্য হয়ে যাবে। এরই মধ্যে হেয়ার রোডের ৩৫ নম্বর সরকারি বাসভবনে তাকে শুভেচ্ছা জানাতে দলীয় নেতাকর্মীদের ভিড় দেখা যাচ্ছে। নিজের নির্বাচনি এলাকা ঠাকুরগাঁওসহ উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকার নেতাকর্মীরা তার সঙ্গে দেখা করে দোয়া করছেন।

এর আগে বুধবার বিএনপির সংসদীয় দলের সভায় অংশ নেন মির্জা ফখরুল। রাষ্ট্রপতি নির্বাচনের আগে এটিই ছিল সংসদীয় দলের সঙ্গে তার শেষ সভা বলে জানা গেছে।

শেয়ার করুনঃ
Advertisement