৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন, দলীয় সিদ্ধান্তেই ভোট দেবেন এমপিরা: স্বরাষ্ট্রমন্ত্রী
Published : ১৫:২৬, ২০ আগস্ট ২০২৬
৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়াকে গণতান্ত্রিক চর্চার গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানিয়েছেন, সংবিধান এখনো সংশোধন না হওয়ায় সংসদ সদস্যরা নিজ নিজ দলের সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন।
বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদে প্রবেশের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এখন তো সংবিধান সংশোধন হয়নি। সুতরাং আমাদের বিদ্যমান সংবিধানে যা আছে, সেই অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনের ভোট হবে।’
তিনি বলেন, প্রায় ৩৫ বছর পর সাংবিধানিক নিয়মে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের নির্বাচনে সরকারদলীয় প্রার্থীর পাশাপাশি বিরোধী দলেরও প্রার্থী রয়েছে। এর আগে বেশ কয়েকবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার নজির রয়েছে।
সালাহউদ্দিন আহমদ বলেন, গণতান্ত্রিক ধারায় প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন হওয়াই প্রত্যাশিত। এবারের নির্বাচন দেশের মানুষ সরাসরি প্রত্যক্ষ করবেন এবং ভোটগ্রহণ সরাসরি সম্প্রচার করা হবে।
তিনি আশা প্রকাশ করেন, এই নির্বাচনের মধ্য দিয়ে দেশের মানুষ একটি কার্যকর গণতান্ত্রিক চর্চা দেখতে পাবেন। একই সঙ্গে রাষ্ট্রপতি নির্বাচনকে বাংলাদেশের গণতন্ত্রের নতুনভাবে যাত্রার একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবেও উল্লেখ করেন তিনি।

































