২২ অক্টোবর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, প্রকাশিত কর্মসূচি

২২ অক্টোবর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, প্রকাশিত কর্মসূচি ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১১:৩৪, ১৯ অক্টোবর ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২২ অক্টোবর (বৃহস্পতিবার) এক দিনের সরকারি সফরে খুলনা ও বাগেরহাট জেলায় যাচ্ছেন। দায়িত্ব গ্রহণের পর খুলনা অঞ্চলে এটিই তাঁর প্রথম সরকারি সফর। এ উপলক্ষে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুতি নিচ্ছে।

অনুমোদিত সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় ঢাকার নিজ বাসভবন থেকে সড়কপথে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। সকাল ৯টায় সেখান থেকে হেলিকপ্টারে সুন্দরবনের উদ্দেশে যাত্রা করবেন তিনি। সকাল ১০টার দিকে আকাশপথে সুন্দরবন ও ঐতিহাসিক হিরণ পয়েন্ট পর্যবেক্ষণ করার কথা রয়েছে তাঁর।

সকাল সাড়ে ১০টায় সুন্দরবন পরিদর্শন শেষে খুলনার দাকোপ উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে হেলিকপ্টার অবতরণের কথা রয়েছে। এরপর সকাল ১০টা ৪৫ মিনিটে নলিয়ান লঞ্চঘাট থেকে নৌপথে বাগেরহাটের মোংলায় অবস্থিত নৌঘাঁটি বানৌজা মোংলার উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী।

দুপুর ১২টা ৪৫ মিনিটে বানৌজা মোংলার জেটিতে পৌঁছানোর পর তাঁকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানানো হবে। সেখানে মধ্যাহ্নবিরতির পর দুপুর ১টা ৪৫ মিনিটে নৌঘাঁটির ওয়ার্ড রুমের সভাকক্ষে প্রশাসনিক বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। বৈঠকে খুলনার বিভাগীয় কমিশনার এবং খুলনা ও বাগেরহাটের জেলা প্রশাসকেরা উপস্থিত থাকবেন।

সফরসূচি অনুযায়ী, বিকেল ৩টায় প্রধানমন্ত্রী মোংলা জেটির কার্যক্রম ও সক্ষমতা পরিদর্শন করবেন। এরপর বিকেল সাড়ে ৩টায় বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) প্রস্তাবিত নতুন অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনের কর্মসূচি রয়েছে।

দিনের কর্মসূচি শেষে বিকেল ৪টায় মোংলার হেলিপ্যাড থেকে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন তিনি। বিকেল ৫টার মধ্যে রাজধানীতে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

এদিকে, আগামী ৫ নভেম্বর বিকেল ৪টায় খুলনা জেলা স্টেডিয়ামে 'নতুন কুঁড়ি স্পোর্টস'-এর দ্বিতীয় আসরের উদ্বোধন উপলক্ষে আবারও খুলনা সফরে যাওয়ার কথা রয়েছে তারেক রহমানের।

শেয়ার করুনঃ
Advertisement