নারায়ণগঞ্জের শতবর্ষী পূজামণ্ডপে মার্কিন রাষ্ট্রদূত, মুগ্ধ সাজসজ্জায়

নারায়ণগঞ্জের শতবর্ষী পূজামণ্ডপে মার্কিন রাষ্ট্রদূত, মুগ্ধ সাজসজ্জায় ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ প্রতিনিধি

Published : ১৭:০৭, ১৯ অক্টোবর ২০২৬

নারায়ণগঞ্জের শতবর্ষের ঐতিহ্যবাহী আমলাপাড়া সার্বজনীন পূজামণ্ডপ ঘুরে দেখেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। সোমবার (১৯ অক্টোবর) দুপুরে তাঁর এই পরিদর্শনে পূজামণ্ডপের নান্দনিক সাজসজ্জা ও আয়োজকদের আন্তরিক আতিথেয়তায় সন্তোষ প্রকাশ করেন তিনি। সফরের অংশ হিসেবে নগরীর ঐতিহ্যবাহী বোস কেবিনেও যান মার্কিন রাষ্ট্রদূত।

আমলাপাড়া পূজামণ্ডপ পরিদর্শনের সময় ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন জানান, শারদীয় দুর্গাপূজা সম্পর্কে জানার পর থেকেই তাঁর একটি পূজামণ্ডপ ঘুরে দেখার আগ্রহ তৈরি হয়। বিশেষ করে এমন একটি মণ্ডপ পরিদর্শন করতে চেয়েছিলেন, যেখানে এর আগে কোনো মার্কিন রাষ্ট্রদূত যাননি।

মণ্ডপের সাজসজ্জা ও উৎসবের পরিবেশ দেখে ভালো লাগার কথা জানান তিনি। একই সঙ্গে তাঁকে আন্তরিকভাবে স্বাগত জানানোর জন্য আয়োজকদের ধন্যবাদ দেন। রাষ্ট্রদূতের আগমন উপলক্ষে সেখানে বাংলা গানের সঙ্গে নৃত্য পরিবেশন করা হয়। এ ছাড়া আমলাপাড়া পূজামণ্ডপের ইতিহাস, ঐতিহ্য ও কার্যক্রম নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির, পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, আমলাপাড়া সার্বজনীন পূজা উদযাপন কমিটির সভাপতি প্রবীর কুমার সাহা এবং কোষাধ্যক্ষ সানি সাহাসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

মার্কিন রাষ্ট্রদূতের সফরসঙ্গী হিসেবে ছিলেন দেশটির দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা অ্যালিস কেনেডি, মুখপাত্র পূর্ণিমা রায়, নিরাপত্তা কর্মকর্তা অ্যারিক ওয়েলস এবং ফরেন সার্ভিস ন্যাশনাল ইনভেস্টিগেটর শেখ শিবলী।

নারায়ণগঞ্জ সফরের অন্য কর্মসূচিতে রাষ্ট্রদূত সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী ও বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন পরিদর্শন করেন। ফাউন্ডেশনের কারুপল্লিতে জামদানি পল্লী ঘুরে দেখে বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প সম্পর্কেও ধারণা নেন তিনি।

রাষ্ট্রদূতের সফরকে ঘিরে আমলাপাড়া পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়।

শেয়ার করুনঃ
Advertisement