৫৩ ঘণ্টা পর আশুলিয়ায় সড়ক ছাড়লেন শ্রমিকরা
Published : ১৬:০৭, ২ অক্টোবর ২০২৪
ঢাকার আশুলিয়ায় নবীনগর-চন্দ্রা মহাসড়কে টানা ৫৩ ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করেছেন বার্ডস গ্রুপের শ্রমিকরা। ফলে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।
বুধবার (২ অক্টোবর) দুপুর ১টার দিকে মহাসড়ক থেকে সরে যান শ্রমিকরা।
এর আগে সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে পাওনাদি পরিশোধের দাবিতে নবীনগর-চন্দ্রা মহাসড়কটি অবরোধ করে বিক্ষোভ শুরু করে শ্রমিকরা। গ্রেপ্তারের খবর পেয়ে সড়ক অবরোধ প্রত্যাহার করেছেন শ্রমিকরা।
খোঁজ নিয়ে জানা যায়, সোমবার লে-অফ করা বার্ডস গ্রুপের শ্রমিকদের সার্ভিস বেনিফিট ও ক্ষতিপূরণ দেওয়ার দিন ধার্য করা ছিল। কিন্তু মালিকপক্ষ কোনো ধরনের পাওনাদি পরিশোধ না করে শ্রমিকদের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়।
এমনকি ৩ মাস সময় চেয়ে কারখানার গেটে একটি নোটিশও দেয় কারখানা কর্তৃপক্ষ। পাওনাদি পাওয়ার আশায় সকালে কারখানায় গেলে নোটিশে আরও ৩ মাস সময় চাওয়ার বিষয়টি দেখতে পান শ্রমিকরা।
এ সময় উত্তেজিত হয়ে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বুড়িরবাজার রোড এলাকা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা।
অবরোধের টানা ৫২ ঘণ্টা অতিবাহিত হলেও কোনো ধরনের আশ্বাস না পাওয়ায় অবরোধ প্রত্যাহার করেনি শ্রমিকরা। অবরোধের টানা ৫৩ ঘণ্টা পর মালিককে গ্রেপ্তারের খবর পেয়ে সড়ক ছেড়ে দেন তারা।
এ ব্যাপারে শিল্পপুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম ও কারখানা কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) আবু বকর সিদ্দিক বা বলেন, বার্ডস গ্রুপের মালিককে গ্রেপ্তারের খবর পেয়ে বেলা ১টার দিকে সড়ক ছেড়ে দিয়েছেন আন্দোলনরত শ্রমিকরা। সড়কে যানচলাচল শুরু হয়েছে বলেও জানান তিনি।
শ্রমিকরা জানান, আমরা টানা ৫৩ ঘণ্টা ধরে সড়কে অবরোধ করে বিক্ষোভ করেছি আমাদের পাওনা পরিশোধের জন্য। কিন্তু কোনো পক্ষই আমাদের সঙ্গে কথা বলেনি। আজ প্রশাসনের পক্ষ থেকে আমাদের জানানো হয় বার্ডস গ্রুপের মালিককে গ্রেপ্তার করা হয়েছে।
বিডি/ও

































