ধানমন্ডি ৩২-এ নিরাপত্তা জোরদার, তিনজনকে গণপিটুনির অভিযোগ
Published : ১৯:৫২, ১৫ আগস্ট ২০২৬
১৫ আগস্টকে ঘিরে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর মধ্যেই আওয়ামী লীগের সদস্য ও নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ তুলে এক রিকশাচালক ও এক শিঙাড়া বিক্রেতাসহ তিনজনকে মারধর ও গণপিটুনি দেওয়ার অভিযোগ উঠেছে। তাদের মধ্যে দুজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানা গেছে।
শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় পুলিশের ব্যাপক উপস্থিতি দেখা যায়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভেঙে দেওয়া বাড়ির সামনে সড়কের দুই পাশে ব্যারিকেড বসানো হয়েছে। বন্ধ রাখা হয়েছে যান চলাচল। এমনকি ওই সড়ক দিয়ে পথচারীদেরও চলাচল করতে দেওয়া হচ্ছে না। এলাকায় পুলিশের সাঁজোয়া যান প্রস্তুত রাখা হয়েছে।
এদিকে বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীদের পাশাপাশি ঘটনাস্থলে উৎসুক মানুষের উপস্থিতিও দেখা যায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পুরো এলাকা নজরদারির মধ্যে রেখেছেন।
অভিযোগ রয়েছে, জুলাই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত বলে দাবি করা আনাস আয়াজের নেতৃত্বাধীন কয়েকজন ব্যক্তি তিনজনকে আওয়ামী লীগের সদস্য কিংবা নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে মারধর করেন। মারধরের শিকার ব্যক্তিদের মধ্যে একজন রিকশাচালক ও একজন শিঙাড়া বিক্রেতা রয়েছেন। পরে তাদের মধ্যে দুজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
এদিকে শনিবার সকাল সোয়া ১০টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভেঙে দেওয়া বাড়িতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে আসা এক ব্যক্তিকেও আটক করে পুলিশ। অর্ণব দাস নামের ওই ব্যক্তির বাড়ি টাঙ্গাইলে। প্রাথমিকভাবে তাকে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের সক্রিয় কর্মী বলে জানা গেছে। জিজ্ঞাসাবাদের জন্য তাকে ধানমন্ডি থানায় নেওয়া হয়েছে।
১৫ আগস্টকে কেন্দ্র করে শুক্রবার দিবাগত রাত থেকেই ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে বলে জানা গেছে।
তবে তিনজনকে গণপিটুনির অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। ঘটনাগুলো খতিয়ে দেখছে পুলিশ।


































