অস্ট্রেলিয়ায় ৫৪ রানে অলআউট বাংলাদেশ, ইনিংস ব্যবধানে হার

অস্ট্রেলিয়ায় ৫৪ রানে অলআউট বাংলাদেশ, ইনিংস ব্যবধানে হার হারের পর ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের খেলোয়াড়ের সঙ্গে হাত মেলাচ্ছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন। ক্রিকেট অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেক্স

Published : ১২:২৫, ৮ আগস্ট ২০২৬

প্রথম ইনিংসে ব্যাটিংটা খুব একটা ভালো হয়নি। মেহেদী হাসান মিরাজ সেঞ্চুরি পেলেও বাংলাদেশের আর কোনো ব্যাটসম্যান ফিফটির দেখা পাননি। তবে দ্বিতীয় ইনিংসের ব্যাটিং ছিল আরও হতাশাজনক। মাত্র ৫৪ রানেই অলআউট হয়েছে বাংলাদেশ।

ডারউইনের মারারা ওভালে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচে ইনিংস ও ৩৮ রানে হেরেছে নাজমুল হোসেনের দল। প্রথম ইনিংসে বাংলাদেশের করা ২৬৩ রানের জবাবে ৩৫৫ রান করে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ। এতে ৯২ রানের লিড পায় তারা। সেই লিডও টপকাতে পারেনি বাংলাদেশ।

দ্বিতীয় দিনের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল ১৯ রানে ২ উইকেট। আজ তৃতীয় ও শেষ দিনে মাত্র ১৭ ওভার ব্যাট করে বাকি ৮ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ।

বাংলাদেশের ব্যাটিং ধসের মূল কারিগর বাঁহাতি পেসার ক্যাম্পবেল থম্পসন। তিনি একাই নিয়েছেন ৮ উইকেট। বাকি দুটি উইকেট পেয়েছেন অফ স্পিনার কোরি রকিচোলি।

নিজেদের দ্বিতীয় ইনিংসে চরম বাজে ব্যাটিং করে বাংলাদেশ। ক্রিকেট অস্ট্রেলিয়া

বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে একমাত্র তানজিদ হাসানই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছেন। গতকাল অপরাজিত থাকা এই ওপেনার ৪১ বলে ২২ রান করেন। আজ আউট হওয়া ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ ৬ রান করেন মেহেদী হাসান মিরাজ। তিনি খেলেছেন ১৯ বল।

নাজমুল হোসেন, তাসকিন আহমেদ ও ইবাদত হোসেন কোনো রান না করেই সাজঘরে ফেরেন। তানজিদ ছাড়া বাংলাদেশের বাকি ব্যাটসম্যানদের স্কোর ছিল এক অঙ্কের।

বাংলাদেশের ব্যাটিং লাইনআপকে গুঁড়িয়ে দেওয়া ক্যাম্পবেল থম্পসনের এখনো আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি। ২২ বছর বয়সী এই পেসার প্রথম শ্রেণির ক্রিকেটে মাত্র দুটি ম্যাচ খেলেছেন, যেখানে তাঁর শিকার ৩ উইকেট। লিস্ট ‘এ’ ক্রিকেটেও দুটি ম্যাচ খেলে নিয়েছেন মাত্র একটি উইকেট। এমন একজন অনভিজ্ঞ পেসারের কাছেই বাংলাদেশের ব্যাটসম্যানদের অসহায় আত্মসমর্পণ টেস্ট সিরিজের আগে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ: ২৬৩ ও ৫৪ (তানজিদ ২২, সাদমান, ৬, মুমিনুল ৬, মিরাজ ৬, সৌম্য ৫, মুশফিক ২, নাজমুল ০; থম্পসন ৮/২৫, রকিচোলি ২/৬)। ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ: ৩৫৫। ফল: ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ ইনিংস ও ৩৮ রানে জয়ী।

৮ উইকেট নেন ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের পেসার ক্যাম্পবেল থম্পসন। ক্রিকেট অস্ট্রেলিয়া

আগামী ১৩ আগস্ট ডারউইনে শুরু হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার সিরিজের প্রথম টেস্ট। এরপর ২২ আগস্ট ম্যাকাইতে শুরু হবে দ্বিতীয় টেস্ট।

মিচেল স্টার্ক, প্যাট কামিন্সদের মতো বিশ্বমানের পেসারদের মুখোমুখি হওয়ার আগে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের ব্যাটিংয়ের এমন ধস টেস্ট সিরিজের আগে বড় ধরনের অশনিসংকেতই দিচ্ছে।

বিষয়ঃ
শেয়ার করুনঃ
Advertisement