আদি বুড়িগঙ্গার হারানো নাব্যতা ফেরাতে পরিচ্ছন্নতা অভিযান শুরু
Published : ১৮:১৯, ২১ আগস্ট ২০২৬
রাজধানীর আদি বুড়িগঙ্গা চ্যানেলের হারানো নাব্যতা ও স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে দূরানী খাল ও সংলগ্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে ঢাকা জেলা প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন।
শুক্রবার সেকশন ব্রিজসংলগ্ন আদি বুড়িগঙ্গা চ্যানেলের একটি অংশে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আদি বুড়িগঙ্গা চ্যানেল থেকে ময়লার ভাগাড় অপসারণ করে এর পুরোনো রূপ ফিরিয়ে আনতে উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে চ্যানেল পরিষ্কার-পরিচ্ছন্ন করা, নাব্যতা পুনরুদ্ধার এবং দুই পাশে সৌন্দর্যবর্ধনের পরিকল্পনা রয়েছে।
পরিচ্ছন্নতা অভিযান শুরুর আগে বিডি ক্লিনের সদস্যসহ অংশীজনদের শপথবাক্য পাঠ করান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম, ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান এবং ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম।
ঢাকার প্রাচীন জলধারাগুলোর অন্যতম আদি বুড়িগঙ্গা চ্যানেলের দৈর্ঘ্য প্রায় ৩ দশমিক ২ কিলোমিটার। এর প্রায় এক হাজার ফুট অংশ দূরানী ব্রিজসংলগ্ন এলাকায় অবস্থিত। দীর্ঘদিন দখল ও বর্জ্য ফেলার কারণে চ্যানেলের বিভিন্ন অংশ ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। এতে পানিপ্রবাহ বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি দুর্গন্ধ, মশার উপদ্রব ও জলাবদ্ধতার কারণে স্থানীয় বাসিন্দাদের ভোগান্তি বেড়েছে।
জানা যায়, ১৯৯০ সালে ঢাকা শহরকে বন্যার হাত থেকে রক্ষায় ঢাকা বেড়িবাঁধ নির্মাণের পর আদি বুড়িগঙ্গা চ্যানেলের স্বাভাবিক পানিপ্রবাহ ব্যাহত হতে থাকে। পরবর্তী সময়ে বিভিন্ন অংশে দখল ও বর্জ্য জমে পরিস্থিতি আরও নাজুক হয়ে পড়ে। তবে ২০২২-২৩ অর্থবছরে চ্যানেলটির সংশ্লিষ্ট অংশ দখলমুক্ত করা হয়।

বর্তমানে চ্যানেলটিকে পরিবেশবান্ধব ও জনবান্ধব জলাধারে রূপ দিতে নতুন করে উদ্যোগ নেওয়া হয়েছে। ঢাকা জেলা প্রশাসন ও বিডি ক্লিনের যৌথ উদ্যোগে চ্যানেল ও সংলগ্ন এলাকায় জমে থাকা বর্জ্য অপসারণের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সচেতন করা হচ্ছে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সূত্র জানিয়েছে, পরিচ্ছন্নতা কার্যক্রম শেষ হওয়ার পর আদি বুড়িগঙ্গা চ্যানেলের নাব্যতা ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি দুই পাশে সৌন্দর্যবর্ধন ও জনসাধারণের চলাচল এবং অবসর সময় কাটানোর জন্য ওয়াকওয়ে নির্মাণের পরিকল্পনাও রয়েছে।
পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষায় খাল ও নদীগুলোকে ময়লা-আবর্জনামুক্ত রাখা জরুরি। ঢাকা জেলা প্রশাসন ও বিডি ক্লিনের যৌথ উদ্যোগ প্রশংসনীয় বলেও উল্লেখ করেন তিনি।

ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, চ্যানেল পরিষ্কারের পাশাপাশি ভবিষ্যতে যাতে এটি আবারও দখল ও দূষণের শিকার না হয়, সে জন্য নজরদারি জোরদার করা হবে। একই সঙ্গে স্থানীয় বাসিন্দাদের চ্যানেল ও খালে বর্জ্য না ফেলার আহ্বান জানানো হয়েছে।
সংশ্লিষ্টরা আশা করছেন, পরিচ্ছন্নতা, নাব্যতা পুনরুদ্ধার, সৌন্দর্যবর্ধন ও ওয়াকওয়ে নির্মাণের মাধ্যমে আদি বুড়িগঙ্গা চ্যানেল তার হারানো প্রাণ ফিরে পাবে এবং স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দুর্গন্ধ, জলাবদ্ধতা ও পরিবেশগত সংকটও কমবে।


































