জামায়াতের সঙ্গে জোট করে এনসিপি বিবেক হারিয়েছে: রাশেদ খাঁন

জামায়াতের সঙ্গে জোট করে এনসিপি বিবেক হারিয়েছে: রাশেদ খাঁন ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৮:৩৮, ২০ আগস্ট ২০২৬

জামায়াতে ইসলামীর সঙ্গে জোট করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পুরোপুরি বিবেক হারিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে রাশেদ খাঁন দাবি করেন, আমির হামজার সন্ত্রাসীদের হামলায় ছাত্র অধিকার পরিষদের নেতা সোহানুর রহমান সোহান গুরুতর আহত হয়েছেন। তাঁর নাক ভেঙে বাঁকা হয়ে গেছে এবং চোখের অবস্থাও গুরুতর বলে উল্লেখ করেন তিনি।

রাশেদ খাঁন আরও দাবি করেন, এ ঘটনার পর এনসিপির পক্ষ থেকে কোনো সহানুভূতি বা প্রতিবাদ দেখা যায়নি। তিনি প্রশ্ন তোলেন, ছাত্র অধিকার পরিষদের সাবেক নেতা হওয়া সত্ত্বেও কেন এনসিপির নেতাকর্মীরা এ ঘটনায় প্রতিক্রিয়া দেখাচ্ছেন না।

তিনি তাঁর পোস্টে আরও লেখেন, জামায়াতের সঙ্গে জোট করার পর এনসিপি ‘পুরোপুরি বিবেক হারিয়েছে’। তাঁর অভিযোগ, নির্বাচনী খরচ ও আসন পাওয়ার দায়বদ্ধতার কারণে দলটি জামায়াতের বিভিন্ন কর্মকাণ্ডের বিরুদ্ধে কথা বলা থেকে বিরত থাকছে।

রাশেদ খাঁনের ভাষ্য, গণঅভ্যুত্থানের সঙ্গে যুক্ত তরুণদের একটি অংশ এখন জামায়াতের বিভিন্ন কর্মকাণ্ডের বিরুদ্ধে কথা বলা ভুলে গেছে। তিনি এটিকে ‘নতুন বন্দোবস্ত’ হিসেবে উল্লেখ করে দাবি করেন, ধীরে ধীরে জামায়াত-এনসিপি ‘নব্য আওয়ামী লীগ’ হয়ে উঠছে।

শেয়ার করুনঃ
Advertisement