এনসিপির অব্যাহতিপ্রাপ্ত নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

এনসিপির অব্যাহতিপ্রাপ্ত নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার গাজী সালাউদ্দিন তানভীর। ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি নিউজ , বগুড়া

Published : ১২:১২, ৫ আগস্ট ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে মানহানিকর পোস্ট দেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে অব্যাহতি পাওয়া নেতা গাজী সালাউদ্দিন তানভীরকে সাইবার সুরক্ষা আইনে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৫ আগস্ট) বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, সম্প্রতি সিলেটে এনসিপির পথসভায় হামলার ঘটনাকে কেন্দ্র করে গাজী সালাউদ্দিন তানভীর নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে একটি পোস্ট দেন। পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দিলে তিনি তা মুছে ফেলেন এবং দুঃখ প্রকাশ করেন। তবে এর আগেই পোস্টটির স্ক্রিনশট ছড়িয়ে পড়ে। পরে এনসিপি তাকে দল থেকে অব্যাহতি দেয়।

এ ঘটনায় বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল বাদী হয়ে গত ২ আগস্ট সাইবার সুরক্ষা আইনে বগুড়া সদর থানায় মামলা দায়ের করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, অভিযুক্তের ফেসবুক আইডি থেকে প্রকাশিত পোস্টে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মানহানিকর ও উসকানিমূলক মন্তব্য করা হয়েছে, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে জনমনে বিভ্রান্তি ও উত্তেজনা সৃষ্টি করেছে। সমালোচনার মুখে অভিযুক্ত পরে পোস্টটি মুছে ফেললেও ততক্ষণে সেটির স্ক্রিনশট ভাইরাল হয়ে যায়।

বাদী অভিযোগ করেন, বিষয়টি বিএনপির নেতাকর্মীদের নজরে আসার পর দলীয় জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়।

বগুড়া সদর থানার ওসি ইব্রাহিম আলী জানান, মঙ্গলবার রাতে ঢাকায় অভিযান চালিয়ে গাজী সালাউদ্দিন তানভীরকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে বগুড়ায় আনা হচ্ছে এবং এ বিষয়ে পরে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

শেয়ার করুনঃ
Advertisement