সাঘাটায় ছুরিকাঘাতে আহত শিবির কর্মীর মৃত্যু

সাঘাটায় ছুরিকাঘাতে আহত শিবির কর্মীর মৃত্যু ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৫:১২, ৮ আগস্ট ২০২৬

 গাইবান্ধার সাঘাটা উপজেলায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে বিরোধের জেরে ছুরিকাঘাতে গুরুতর আহত শিবির কর্মী সালাউদ্দিন (২৬) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শনিবার (৮ আগস্ট) সকাল ৭টা ৪০ মিনিটে ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। দীর্ঘ ১৭ দিন চিকিৎসাধীন থাকার পর তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় ছাত্রশিবির।

এর আগে গত ২১ জুন বিকেল ৩টার দিকে উপজেলার বোনারপাড়া চৌরাস্তা মোড়ে ছুরিকাঘাতে গুরুতর আহত হন সালাউদ্দিন। একই ঘটনায় বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি সাইফুল ইসলামও নিহত হন। সালাউদ্দিন বোনারপাড়া শিমুল তাইড় গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, সাঘাটা উপজেলার কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে উপজেলা চত্বরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুল্লাহ ও বোনারপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মুকুলের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে স্থানীয় নেতাদের হস্তক্ষেপে বিষয়টি মীমাংসা হলে সংশ্লিষ্টরা উপজেলা চত্বর থেকে চলে যান।

এর কিছুক্ষণ পর উপজেলা-সংলগ্ন বোনারপাড়া চৌমাথায় বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি সাইফুল ও কর্মী সালাউদ্দিন অবস্থান করছিলেন। এ সময় যুবদল নেতা মুকুল মিয়া, তাঁর ভাই পলাশ, ওয়ার্ড বিএনপির সদস্য রবিউল ইসলামসহ যুবদলের কয়েকজন নেতাকর্মী ধারালো অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা করেন বলে স্থানীয়দের অভিযোগ।

হামলায় সালাউদ্দিনের গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। তাঁকে রক্ষা করতে এগিয়ে গেলে ছাত্রশিবির নেতা সাইফুলকেও ধাওয়া করে বোনারপাড়া ইউনিয়ন পরিষদের সামনের সড়কে ফেলে গলায় আঘাত করা হয় বলে অভিযোগ রয়েছে। পরে হামলাকারীরা মোটরসাইকেলে করে ঘটনাস্থল ত্যাগ করে।

পরে স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাইফুলকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সালাউদ্দিনকে প্রথমে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে পরে তাঁকে ঢাকার ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয়।

সাঘাটা উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সাজেদুর রহমান সাদা সালাউদ্দিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ১৭ দিন চিকিৎসাধীন থাকার পর শনিবার সকালে সালাউদ্দিন মারা যান।

সালাউদ্দিনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তাঁর পরিবারের সদস্য ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারি ও কান্নায় ভারী হয়ে ওঠে এলাকার পরিবেশ।

শেয়ার করুনঃ
Advertisement