মারধর ও চাঁদাবাজির অভিযোগে পদ স্থগিত বিএনপি নেতার

মারধর ও চাঁদাবাজির অভিযোগে পদ স্থগিত বিএনপি নেতার ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৭:৩৪, ৮ আগস্ট ২০২৬

বিএনপি নেতাকে মারধর ও চাঁদাবাজির অভিযোগে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব আজাদ হোসেনের সব দলীয় পদ ও রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত করা হয়েছে।

শনিবার (৮ আগস্ট) জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আজাদ হোসেন উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সদস্যসচিব। তিনি সিরাজগঞ্জ-৪ আসন থেকে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন। মনোনয়ন না পেয়ে বর্তমানে নিজেকে উল্লাপাড়া পৌরসভার মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করে প্রচার চালাচ্ছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, উল্লাপাড়া থানা কম্পাউন্ডে এক বিএনপি নেতাকে মারধর এবং চাঁদাবাজির অভিযোগে আজাদ হোসেনের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে। এসব ঘটনায় তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আজাদ হোসেনের সব দলীয় পদ ও রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত ঘোষণা করা হয়েছে।

জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আজাদ হোসেনকে শোকজ করা হয়েছিল। তাঁর লিখিত জবাব সন্তোষজনক না হওয়ায় জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর নির্দেশে তাঁর দলীয় পদ ও রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত করা হয়েছে।

দুটি মামলায় গ্রেপ্তার

উল্লেখ্য, গত ২৬ জুলাই উল্লাপাড়া থানা কম্পাউন্ডে মারধরের অভিযোগে আজাদ হোসেন ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে মামলা করেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম মিস্টার।

একই দিনে ৫ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে আলমগীর হোসেন বাদী হয়ে আরও একটি মামলা করেন।

পুলিশ ওই দুটি মামলায় আজাদ হোসেনসহ বিএনপির ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করে। এর পরদিন দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আজাদ হোসেনকে কারণ দর্শানোর নোটিশ দেয় জেলা বিএনপি।

পরে তাঁর লিখিত জবাব পর্যালোচনা করে সন্তোষজনক না হওয়ায় দলীয় পদ ও রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।

শেয়ার করুনঃ
Advertisement