বোমা হামলার আশঙ্কায় দেশজুড়ে সতর্কতা, পুলিশ বলছে ‘গুজব’

বোমা হামলার আশঙ্কায় দেশজুড়ে সতর্কতা, পুলিশ বলছে ‘গুজব’ বাংলাদেশ পুলিশের লোগো। ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৭:২৪, ৮ আগস্ট ২০২৬

গোপন সংবাদের ভিত্তিতে দেশে বোমা হামলার আশঙ্কায় পুলিশের বিভিন্ন ইউনিটকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে। শুক্রবার (৭ আগস্ট) রাতে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে দেশের বিভিন্ন জেলা ও রেঞ্জে এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়।

পুলিশ হেডকোয়ার্টার্সের পাঠানো একটি খুদে বার্তায় বলা হয়, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানা গেছে আজ সারা বাংলাদেশে বোমা হামলা হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার জেলাধীন যেসব পুলিশ সদস্য রাত্রিকালীন চেকপোস্ট, টহল ও মোবাইল ডিউটিতে নিয়োজিত থাকবেন, তারা সর্বোচ্চ সতর্কতার সঙ্গে ডিউটি পালন করবেন। অপ্রীতিকর কোনো ঘটনা ঘটলে তাৎক্ষণিক অবগত করবেন।’

বার্তাটিতে এটিকে ‘অতীব জরুরি নির্দেশনা’ হিসেবে উল্লেখ করা হয়েছে এবং নির্দেশনার উৎস হিসেবে পুলিশ হেডকোয়ার্টার্সের নাম দেওয়া হয়েছে।

শুক্রবার মধ্যরাতে পুলিশ হেডকোয়ার্টার্স সূত্রে এ তথ্য জানা যায়। সংশ্লিষ্ট সূত্রের দাবি, দেশের বিভিন্ন পুলিশ ইউনিটে এ বার্তা পাঠানো হয়েছে।

তবে দেশজুড়ে বোমা হামলার আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতা বা ‘হাই অ্যালার্ট’ জারির বিষয়টি অস্বীকার করেছেন পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন। তিনি এটিকে গুজব বলে উল্লেখ করেছেন।

তিনি বলেন, বোমা হামলার আশঙ্কায় সারা দেশে সর্বোচ্চ সতর্কতা জারির যে তথ্য ছড়িয়েছে, সেটি সঠিক নয়।

এদিকে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে মাঠপর্যায়ে পাঠানো সতর্কতামূলক বার্তা এবং সদর দপ্তরের বক্তব্যে ভিন্নতা দেখা দেওয়ায় বিষয়টি নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। তবে পুলিশ সদস্যদের রাতের চেকপোস্ট, টহল ও মোবাইল ডিউটিতে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

শেয়ার করুনঃ
Advertisement