শ্যামনগরে ধানখেতে বজ্রাঘাতে কৃষকের মৃত্যু
Published : ১১:৫৮, ১২ আগস্ট ২০২৬
সাতক্ষীরার শ্যামনগরে ধানখেতে কাজ করার সময় বজ্রাঘাতে লুৎফর রহমান (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বুধবার (১২ আগস্ট) ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের পশ্চিম শ্রীফলকাটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত লুৎফর রহমান ওই গ্রামের মৃত আহাদ আলীর ছেলে।
ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদের সদস্য শ্যামল কুমার মণ্ডল জানান, লুৎফর রহমান বিলে অন্যের জমি বর্গা নিয়ে ধান চাষ করতেন। বুধবার সকালে তিনি ওই জমিতে কাজ করতে গেলে হঠাৎ বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। পারিবারিক কবরস্থানে তাকে দাফনের প্রস্তুতি চলছে।

































