পিরোজপুরে ১০ পিস ইয়াবাসহ গ্রামপুলিশ সদস্য গ্রেপ্তার
Published : ১১:২২, ১৮ আগস্ট ২০২৬
পিরোজপুর সদর উপজেলায় ১০ পিস ইয়াবাসহ মো. নাদিম শেখ (৩১) নামে এক গ্রামপুলিশ (মহল্লাদার) সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৭ আগস্ট) রাত ৩টার দিকে উপজেলার কদমতলা বাজার সংলগ্ন এলাকায় নিয়মিত টহল ও বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নাদিম শেখ সদর উপজেলার পশ্চিম চর কদমতলা এলাকার মো. হায়দার শেখের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কদমতলা বাজার এলাকায় অভিযান চালায় পিরোজপুর সদর থানা পুলিশের একটি দল। এ সময় নাদিম শেখকে সন্দেহজনকভাবে আটক করে দেহ তল্লাশি করা হয়। পরে তার কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় নাদিমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে সোমবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের নিয়মিত ও বিশেষ অভিযান ‘জিরো টলারেন্স’ নীতিতে অব্যাহত থাকবে। অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তি যেই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশ কোনো আপস করবে না।

































