উপজেলায় নয়, এবার মানুষের দোরগোড়ায় সরকারি সেবা

উপজেলায় নয়, এবার মানুষের দোরগোড়ায় সরকারি সেবা

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

Published : ২১:৩১, ২৪ আগস্ট ২০২৬

উপজেলা সদরে ছুটে যেতে হবে না, মানুষের প্রয়োজনীয় সরকারি সেবাই এবার পৌঁছে গেল তাদের দোরগোড়ায়। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দুর্গম দাউদপুর ইউনিয়নের বেলদী ফাজিল মাদ্রাসা মাঠে একদিনের জন্য বসানো হয় সমন্বিত সরকারি সেবা কেন্দ্র। উপজেলা প্রশাসনের এ উদ্যোগে স্বাস্থ্যসেবা, জাতীয় পরিচয়পত্র সংশোধন, কৃষি পরামর্শ, প্রাণিসম্পদ, মৎস্য, ভূমিসেবা, সমাজসেবা ও সমবায়সহ বিভিন্ন সরকারি সেবা একই স্থান থেকে পেয়েছেন স্থানীয়রা।

সোমবার বেলদী ফাজিল মাদ্রাসা মাঠে গিয়ে দেখা যায়, উপজেলা সদরের সরকারি কার্যালয়ের পরিবর্তে সেখানে বিভিন্ন দপ্তরের জন্য আলাদা বুথ স্থাপন করা হয়েছে। সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা সরাসরি উপস্থিত থেকে স্থানীয়দের প্রয়োজনীয় সেবা ও পরামর্শ দিচ্ছেন। উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, দিনব্যাপী এ কার্যক্রমে প্রায় ৯ হাজার মানুষ বিভিন্ন সরকারি সেবা গ্রহণ করেন।

দাউদপুর ইউনিয়নের বাসিন্দা ৫৫ বছর বয়সী ফালানি বেগম জাতীয় পরিচয়পত্রে মায়ের নাম সংশোধনের জন্য উপজেলা সদরে যেতে পারছিলেন না। বাড়ির কাছেই সংশোধনসংক্রান্ত সেবা পাওয়ায় তার সময়, অর্থ ও যাতায়াতের ভোগান্তি কমেছে।

একইভাবে স্থানীয়দের কেউ জাতীয় পরিচয়পত্র সংশোধন, কেউ গবাদিপশুর চিকিৎসা, আবার কেউ কৃষি বিষয়ে পরামর্শ নিতে সেবা কেন্দ্রে আসেন। একদিনের জন্য পুরো আয়োজনটি স্থানীয়দের কাছে একটি ‘মিনি উপজেলা’ সেবাকেন্দ্রের মতো হয়ে ওঠে।

উপজেলা প্রশাসনের প্রশাসনিক কর্মকর্তা আশিকুর রহমান জানান, গত বছর ‘প্রজেক্ট ওয়ান থাউজেন্ট’ নামে একটি উদ্যোগ নেওয়া হয়েছিল। এর আওতায় উপজেলার এক হাজার তরুণ-তরুণীকে প্রশিক্ষণ ও আর্থিক সহায়তার মাধ্যমে স্বাবলম্বী করার উদ্যোগ নেওয়া হয়। এর ধারাবাহিকতায় এবার প্রত্যন্ত এলাকার মানুষের কাছে সরকারি সেবা পৌঁছে দেওয়ার কার্যক্রম শুরু করা হয়েছে।

গবাদিপশুর চিকিৎসা নিতে আসা স্থানীয় বাসিন্দা আশরাফুজ্জান ফরিদ বলেন, দাউদপুর থেকে উপজেলা প্রাণিসম্পদ অফিসে যেতে দীর্ঘ সময় লাগে এবং যাতায়াতে অতিরিক্ত খরচ হয়। বাড়ির কাছে সেবা পাওয়ায় তার মতো অনেকের উপকার হয়েছে।

জাতীয় পরিচয়পত্রসংক্রান্ত সেবা নিতে আসা রাশিদা বেগমও উদ্যোগটির প্রশংসা করেন। কৃষি পরামর্শ নিতে আসা স্থানীয় বাসিন্দা সফেদ আলী বলেন, এলাকায় এসে উপজেলা প্রশাসনের এভাবে সেবা দেওয়ার ঘটনা তার কাছে ব্যতিক্রমী মনে হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তাসভীর যোবায়ের বলেন, সাধারণত মানুষ উপজেলা কার্যালয় বা হাসপাতালে গিয়ে সেবা নেন। তবে এবার বিভিন্ন সরকারি দপ্তর ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান সরাসরি মানুষের এলাকায় গিয়ে সেবা দিয়েছে।

উদ্যোগটির পরিকল্পনা ও বাস্তবায়নে নেতৃত্ব দেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম জয়। তিনি বলেন, দাউদপুর ইউনিয়নটি তুলনামূলক দুর্গম হওয়ায় এখানকার অনেক মানুষের উপজেলা সদর বা হাসপাতালে গিয়ে সেবা নেওয়া কঠিন। কারও শারীরিক সীমাবদ্ধতা রয়েছে, আবার কারও ক্ষেত্রে যাতায়াতে অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় হয়। এসব বিষয় বিবেচনায় নিয়ে বিভিন্ন সরকারি দপ্তর, হাসপাতাল ও ভূমি অফিসের জন্য পৃথক বুথ স্থাপন করা হয়েছে।

তিনি জানান, দাউদপুর ইউনিয়ন দিয়ে কার্যক্রম শুরু হলেও পর্যায়ক্রমে রূপগঞ্জ উপজেলার অন্যান্য ইউনিয়ন ও পৌরসভাতেও এ ধরনের সেবা কার্যক্রম চালুর পরিকল্পনা রয়েছে।

এ সময় রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক বাশিরউদ্দিন বাচ্চুসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্থানীয়দের মতে, মানুষের কাছে সরকারি সেবা পৌঁছে দেওয়ার এমন উদ্যোগে একদিকে সময় ও অর্থ সাশ্রয় হচ্ছে, অন্যদিকে সরকারি প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের মধ্যে দূরত্বও কমছে।

শেয়ার করুনঃ
Advertisement