অসুস্থ ভাইকে বাঁচাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান ঢাবির সাবেক ছাত্রদল নেতা
Published : ২০:১৭, ৩১ আগস্ট ২০২৬
রাজনৈতিক জীবনের প্রতিকূল সময়ে দলের পাশে থাকা এবং নির্যাতনের শিকার হওয়া সাবেক ছাত্রদল নেতা নূরে আলম সিদ্দিকী জুয়েল এবার নিজের পরিবারের সংকটে মানবিক সহযোগিতার আবেদন জানিয়েছেন। জটিল কিডনি রোগে আক্রান্ত বড় ভাই মো. মাসুদুর রহমানের চিকিৎসায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপসহ সবার সহযোগিতা চেয়েছেন তিনি।
মো. মাসুদুর রহমান স্বাস্থ্য বিভাগের মাঠপর্যায়ের একজন কর্মী। প্রায় এক মাস ধরে জটিল কিডনি রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন তিনি। বর্তমানে তাকে সপ্তাহে তিনবার ডায়ালাইসিস নিতে হচ্ছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, দীর্ঘমেয়াদি সমাধানের জন্য তার কিডনি প্রতিস্থাপন প্রয়োজন। এ অবস্থায় চিকিৎসার বিপুল ব্যয় নিয়ে দুশ্চিন্তায় পড়েছে পরিবারটি।
নূরে আলম সিদ্দিকী জুয়েলের রাজনৈতিক জীবনের শুরু হয় কঠিন এক সময়ে। আওয়ামী লীগ সরকার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের প্রভাবের সময় তিনি ছাত্রদল মনোনীত প্রার্থী হিসেবে হল সংসদ নির্বাচনে অংশ নেন। দলের দুঃসময়ে সক্রিয় থাকার কারণে কয়েক দফা নির্যাতনের শিকার হয়েছেন বলেও জানান তিনি।
পরবর্তীতে রাজনীতি ছেড়ে সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নেন জুয়েল। তার ভাষ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলেও রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য তিনি দলের কাছে যাননি।
তবে এবার বড় ভাইয়ের চিকিৎসা সংকটে তিনি দল ও সরকারের কাছে মানবিক সহযোগিতা প্রত্যাশা করছেন।
নূরে আলম সিদ্দিকী বলেন, দলের দুঃসময়ে তিনি একজন সামান্য কর্মী হিসেবে পাশে ছিলেন। এখন পরিবারের এই সংকটে দল তার পরিবারের পাশে দাঁড়াবে বলে আশা করছেন তিনি। একই সঙ্গে অসুস্থ ভাইয়ের চিকিৎসার লড়াইয়ে মানসিক শক্তি পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপসহ সংশ্লিষ্ট সবার মানবিক সহযোগিতা কামনা করেন।
তিনি আরও বলেন, এই কঠিন সময়ে মানুষের সামান্য সহযোগিতাও তার পরিবারের জন্য বড় ধরনের মানসিক শক্তি হয়ে উঠবে।
সর্বশেষ দেশবাসী ও শুভাকাঙ্ক্ষীদের কাছে বড় ভাই মো. মাসুদুর রহমানের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন সাবেক এই ছাত্রদল নেতা।

































