বগুড়ায় ১১ জোটের লংমার্চের ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ

বগুড়ায় ১১ জোটের লংমার্চের ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ ছিঁড়ে ফেলা ব্যানার। ছবি: সংগৃহীত

বগুড়া ব্যুরো

Published : ০৯:৫৫, ১৯ সেপ্টেম্বর ২০২৬

বগুড়ার শেরপুরে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে টানানো ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার মহিপুর এলাকায় বগুড়া-রংপুর মহাসড়কের ফুটওভার ব্রিজে টানানো ব্যানারগুলো কে বা কারা ছিঁড়ে রাস্তায় ফেলে দেয় বলে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পক্ষ থেকে শেরপুর থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দিন অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযোগে বলা হয়, ১১ দলীয় ঐক্যের ছয় দফা দাবিতে ঢাকা থেকে রংপুর অভিমুখী লংমার্চ উপলক্ষে মহিপুর ফুটওভার ব্রিজের দক্ষিণ পাশে এনসিপির দুটি এবং ১১ দলীয় ঐক্যের দুটি ব্যানার টানানো হয়েছিল।

শুক্রবার রাত ১০টার দিকে এনসিপির নেতারা সেখানে গিয়ে দেখতে পান, তাদের লাগানো ব্যানারগুলো ছিঁড়ে নিচে ফেলে দেওয়া হয়েছে।

বগুড়া জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক রাশেদ সাদাত বলেন, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ১০টার মধ্যে কোনো এক সময় ব্যানারগুলো ছিঁড়ে ফেলা হয়ে থাকতে পারে বলে তারা সন্দেহ করছেন। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

শেরপুর থানার ওসি এসএম মঈনুদ্দিন বলেন, অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করা হচ্ছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা শনাক্তে পুলিশ কাজ করছে।

উল্লেখ্য, ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কর্মসূচির পথে বগুড়াসহ বিভিন্ন স্থানে পথসভা আয়োজনের ঘোষণা দেওয়া হয়েছে।

শেয়ার করুনঃ
Advertisement