বাংলাদেশের সভাপতিত্বে জাতিসংঘ অধিবেশনে প্রথম ভাষণ দেবেন তারেক রহমান

বাংলাদেশের সভাপতিত্বে জাতিসংঘ অধিবেশনে প্রথম ভাষণ দেবেন তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১০:৪৭, ১৯ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রথমবারের মতো ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

প্রধানমন্ত্রী তারেক রহমান ২১ সেপ্টেম্বর নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন এবং ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের জাতীয় বক্তব্য দেবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রের বরাতে প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, সফরসূচি সংক্ষিপ্ত করে ২৫ সেপ্টেম্বর রাতে তার দেশে ফেরার পরিকল্পনা রয়েছে।

এবারের সফরে বাংলাদেশের পক্ষ থেকে রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন ও জলবায়ু অর্থায়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় বিশ্বমঞ্চে তুলে ধরা হবে। রোহিঙ্গা সংকট নিয়ে একটি উচ্চপর্যায়ের সাইড ইভেন্ট আয়োজনের পরিকল্পনাও রয়েছে।

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইমুম পারভেজ বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী দেশগুলোর কাছ থেকে জলবায়ু অর্থায়ন নিশ্চিত করার বিষয়টি বাংলাদেশ গুরুত্ব দিয়ে তুলে ধরবে। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় বাংলাদেশের উদ্যোগও আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে তুলে ধরা হবে।

সরকারের বৃক্ষরোপণ, খাল খনন ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর উদ্যোগের কথাও জাতিসংঘের মঞ্চে তুলে ধরার কথা রয়েছে। সরকারের পক্ষ থেকে পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর উদ্যোগের কথাও উল্লেখ করা হয়েছে।

এদিকে জাতিসংঘ অধিবেশনের সাইডলাইনে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠকের কথা রয়েছে। এসব বৈঠকের মাধ্যমে বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় আলোচনার পাশাপাশি বিদেশি বিনিয়োগ আকর্ষণের সুযোগ তৈরি হতে পারে বলে সফরসংশ্লিষ্টরা আশা করছেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফর হবে জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের সরকারপ্রধান হিসেবে তার প্রথম ভাষণ। জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গা সংকট এবং বাংলাদেশের ভবিষ্যৎ অগ্রাধিকারগুলো তার বক্তব্যে গুরুত্ব পাবে বলে সরকারি কর্মকর্তারা জানিয়েছেন।

শেয়ার করুনঃ
Advertisement