টঙ্গীবাড়ি উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান মো. সেলিম শেখ
Published : ১৫:০৪, ১৯ সেপ্টেম্বর ২০২৬
আসন্ন টঙ্গীবাড়ি উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন উদ্যোক্তা, ব্যবসায়ী ও সমাজসেবক মো. সেলিম শেখ। দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা, ব্যবসা পরিচালনা, কর্মসংস্থান সৃষ্টি ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে অর্জিত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে টঙ্গীবাড়ির মানুষের জন্য কাজ করতে চান তিনি।
সম্প্রতি টঙ্গীবাড়ি উপজেলা নির্বাচনকে ঘিরে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে স্থানীয় পর্যায়ে আলোচনা শুরু হয়েছে। এরই মধ্যে মো. সেলিম শেখ চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন। ২০২৬ সালের স্থানীয় সরকার নির্বাচন তিনি প্রার্থী হচ্ছেন। তিনি টঙ্গীবাড়ির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বিভিন্ন স্থানে রোপন করে যাচ্ছেন।
মো. সেলিম শেখ পড়াশোনা শেষ করে তিনি দেশের অন্যতম ব্যবসায়িক প্রতিষ্ঠান নিটল-নিলয় গ্রুপে রিজিওনাল সার্ভিস ইঞ্জিনিয়ার হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা কেয়ার বাংলাদেশে প্রায় ১০ বছর দায়িত্ব পালন করেন।
দীর্ঘ চাকরিজীবনের অভিজ্ঞতার পর তিনি উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করেন। সময়ের সঙ্গে বিভিন্ন ব্যবসা ও প্রতিষ্ঠান গড়ে তোলার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করেন। তার সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে নূরতাজ বাংলাদেশ লিমিটেড, নূরতাজ সুপারশপ, নূরতাজ লাইফস্টাইল, নূরতাজ এক্সপ্রেস, মোহাম্মদ গার্মেন্টস, মোহাম্মদ আইটি সলিউশন, এস.এস. সাপ্লায়ার্স নহ একাধিক প্রতিষ্ঠান।
ব্যবসার পাশাপাশি সামাজিক উন্নয়ন ও মানবিক কর্মকাণ্ডে কাজ করার লক্ষ্যে তিনি নূরতাজ ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন । ফাউন্ডেশনটির মাধ্যমে শীতবস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ, অসহায় মানুষের বাসস্থান নির্মাণে সহযোগিতা, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে সহায়তা, বৃক্ষরোপণ, শিক্ষাবৃত্তি, বিনামূল্যে স্বাস্থ্যসেবা এবং কারিগরি প্রশিক্ষণসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন ।
মো. সেলিম শেখ বলেন, টঙ্গীবাড়ি আমার প্রিয় জন্মভূমি। এই এলাকার মানুষের সুখ-দুঃখ, সমস্যা ও সম্ভাবনার সঙ্গে আমি দীর্ঘদিন ধরে সম্পৃক্ত। মানুষের ভালোবাসা ও অনুপ্রেরণায় আমি আসন্ন টঙ্গীবাড়ি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ইচ্ছা পোষণ করছি।
তিনি আরও বলেন, আমি নির্বাচিত হলে টঙ্গীবাড়িকে একটি আধুনিক, উন্নত, মাদকমুক্ত, শিক্ষাবান্ধব ও কর্মসংস্থানমুখী উপজেলা হিসেবে গড়ে তুলতে কাজ করতে চাই। বিশেষ করে তরুণদের জন্য কর্মসংস্থান ও কারিগরি প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোকে অগ্রাধিকার দিতে চাই। গ্রীণ টঙ্গীবাড়ি ক্লিন টঙ্গীবাড়ি গড়ে তুলতে চাই। সেলিম শেখ বলেন, পরিকল্পিত উদ্যোগ, সততা, স্বচ্ছতা ও মানুষের অংশগ্রহণের মাধ্যমে একটি এলাকার প্রকৃত উন্নয়ন সম্ভব। টঙ্গীবাড়ীর সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা পেলে আমার অভিজ্ঞতা ও সামর্থ্য কাজে লাগিয়ে এলাকার মানুষের জন্য কাজ করতে চাই। আমি সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশা করি

































