নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রীরা
Published : ০৯:৫১, ১৯ সেপ্টেম্বর ২০২৬
প্রবল স্রোত ও পলি জমে নাব্যতা সংকট দেখা দেওয়ায় রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের দৌলতদিয়া প্রান্তের গুরুত্বপূর্ণ ৭ নম্বর ফেরিঘাট বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকেরা।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার পর বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক বশির আহমেদ খান।
এর আগে শুক্রবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত সরেজমিনে দেখা যায়, ৭ নম্বর ঘাট বন্ধ থাকায় দৌলতদিয়া ঘাটের জিরো পয়েন্ট থেকে মহাসড়কে প্রায় দুই কিলোমিটারজুড়ে পণ্যবাহী ট্রাক, বাসসহ বিভিন্ন যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। অনেক যাত্রীকে যানবাহনের ভেতরেই অপেক্ষা করতে দেখা যায়।
বিআইডব্লিউটিসি সূত্র জানায়, কাগজে-কলমে দৌলতদিয়া প্রান্তে সাতটি ফেরিঘাট থাকলেও বর্তমানে সচল রয়েছে ৩, ৪ ও ৭ নম্বর—এই তিনটি ঘাট। তবে বৃহস্পতিবার রাত থেকে নাব্যতা সংকটের কারণে ৭ নম্বর ঘাটে ফেরি নিরাপদে ভিড়তে না পারায় এটি বন্ধ রাখা হয়েছে।
বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ছোট-বড় মিলিয়ে ৮ থেকে ১০টি ফেরি চলাচল করছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসির কর্মকর্তা।
সহকারী ব্যবস্থাপক বশির আহমেদ খান বলেন, প্রবল স্রোতের কারণে ঘাট এলাকায় বিপুল পরিমাণ পলি জমে নাব্যতা সংকট তৈরি হয়েছে। ফেরি ভিড়তে গেলে আটকে যাচ্ছে। এ কারণে বৃহস্পতিবার রাত ১১টা থেকে ৭ নম্বর ঘাট বন্ধ রয়েছে।
ঘাটটি পুনরায় চালুর বিষয়ে তিনি বলেন, নিরাপদে ফেরি ভেড়ানোর উপযোগী করতে ড্রেজিং করতে হবে। ধারণা করা হচ্ছে, ১০ থেকে ১৫ দিনের মধ্যে ড্রেজিংয়ের কাজ শুরু হতে পারে। কাজ শেষ হওয়ার পর ঘাটটি পুনরায় চালু করা হবে।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল হুদা বলেন, ৭ নম্বর ঘাট এলাকায় চর জেগে ওঠার সমস্যা তৈরি হয়েছে বলে তারা জানতে পেরেছেন। এ কারণে ঘাটটি বন্ধ রয়েছে। যানবাহন ও যাত্রীদের নিরাপত্তায় পুলিশ নজরদারি করছে।
তিনি জানান, জরুরি ভিত্তিতে ড্রেজিংয়ের ব্যবস্থা নেওয়ার কথা সংশ্লিষ্টরা জানিয়েছেন। তবে ঘাটটি ঠিক কবে চালু হবে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।
এদিকে, বিষয়টি নিয়ে বিআইডব্লিউটিএর আরিচা ড্রেজিং বিভাগের নির্বাহী প্রকৌশলী (পুর) হাছান আহমেদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
































