যে কোনো নাগরিক যেকোনো সময় দেশ ছাড়তে ও ঢুকতে পারেন’: রুমিন ফারহানা

যে কোনো নাগরিক যেকোনো সময় দেশ ছাড়তে ও ঢুকতে পারেন’: রুমিন ফারহানা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রুমিন ফারহানা। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

Published : ০৯:৫৯, ১৯ সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, বাংলাদেশের যেকোনো নাগরিক যেকোনো সময় দেশ ছাড়তে এবং দেশে ফিরতে পারেন। এ অধিকার সংবিধানে স্পষ্টভাবে দেওয়া আছে বলে মন্তব্য করেন তিনি।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানটি আবদুল কাদির শাহ পাঠাগারের উদ্যোগে আয়োজন করা হয়।

রুমিন ফারহানা বলেন, কোনো নাগরিক দেশে ফেরার পর সরকার কী পদক্ষেপ নেবে, সেটি সরকারের বিষয়। এ বিষয়ে আগে থেকে কী সিদ্ধান্ত নেওয়া হবে, তা তার জানা নেই বলেও জানান তিনি।

সম্প্রতি জাতীয় সংসদে সরকারের সমালোচনা করে রুমিন ফারহানার দেওয়া বক্তব্যের প্রতিবাদে আশুগঞ্জ উপজেলা বিএনপির নেতাকর্মীরা ঝাড়ু মিছিল করেন। বক্তব্য প্রত্যাহার না করলে তাকে আশুগঞ্জে অবাঞ্ছিত ঘোষণারও হুঁশিয়ারি দেওয়া হয়।

এ বিষয়ে রুমিন ফারহানা বলেন, রাজনীতিতে ভিন্নমত, মিছিল-মিটিং এবং কাউকে অবাঞ্ছিত ঘোষণা করার মতো ঘটনা ঘটে থাকে। এগুলোকে তিনি রাজনৈতিক কর্মকাণ্ডের স্বাভাবিক অংশ হিসেবে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, রাজনীতিবিদদের বক্তব্যের জবাব মানুষই দেয় এবং আশুগঞ্জের অনুষ্ঠানে কয়েক হাজার মানুষের উপস্থিতিকে তিনি তারই প্রতিফলন হিসেবে উল্লেখ করেন।

শেয়ার করুনঃ
Advertisement