প্রয়াত সাংবাদিক পুলক চ্যাটার্জির পরিবারের পাশে থাকার আশ্বাস সরোয়ারের
Published : ১০:০২, ১৯ সেপ্টেম্বর ২০২৬
সদ্য প্রয়াত সাংবাদিক পুলক চ্যাটার্জির পরিবারের সদস্যদের খোঁজখবর নিতে তার বরিশালের বাসভবনে গেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও বরিশাল সদর আসনের সংসদ সদস্য মজিবর রহমান সরোয়ার।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল কলেজের পেছনে শ্রীনাথ চ্যাটার্জি লেনে পুলক চ্যাটার্জির বাসভবনে যান তিনি। সেখানে তার স্ত্রী প্রিয়াঙ্কা চ্যাটার্জি ও একমাত্র কন্যা প্রকৃতি চ্যাটার্জির সঙ্গে কথা বলেন সংসদ সদস্য মজিবর রহমান সরোয়ার।
এ সময় তিনি পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং সাংবাদিক পুলক চ্যাটার্জির দীর্ঘ কর্মময় জীবনের বিভিন্ন স্মৃতি স্মরণ করেন। পাশাপাশি পরিবারের যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন তিনি।
এ সময় বরিশাল প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু, সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, জ্যেষ্ঠ সাংবাদিক আকতার ফারুক শাহিন, বরিশাল বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব আনোয়ারুল হক তারিন এবং বরিশাল জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খান রাজনসহ অন্যরা উপস্থিত ছিলেন।
সাংবাদিক পুলক চ্যাটার্জি (৫৭) দৈনিক সমকালের বরিশাল ব্যুরোর সাবেক প্রধান এবং বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি বরিশালের সংবাদমাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
গত ১১ সেপ্টেম্বর সন্ধ্যায় নগরীর প্যারা রোড এলাকায় দৈনিক সমকালের বরিশাল ব্যুরো কার্যালয় থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় সিআইডি সদস্যরা তার কাছ থেকে পাঁচটি চিঠি উদ্ধার করেন।
পরদিন ১২ সেপ্টেম্বর বরিশালের কাউনিয়া মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, একমাত্র কন্যা, এক ভাই, এক বোনসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
































