অর্থপাচারের মামলায় অ্যাপল গ্লোবালের দুই শীর্ষ কর্মকর্তার ২২ বছরের কারাদণ্ড
Published : ১৪:৩৯, ১৯ অক্টোবর ২০২৬
সেবা রপ্তানির আড়ালে ইনকামিং ও আউটগোয়িং কলের মাধ্যমে ৪৬৩ কোটি টাকার বেশি অর্থপাচারের মামলায় আন্তর্জাতিক গেটওয়ে প্রতিষ্ঠান অ্যাপল গ্লোবাল টেল কমিউনিকেশন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) অভিউর রহমান খান ও চেয়ারম্যান মহি উদ্দিন মজুমদারকে পৃথক দুই ধারায় মোট ২২ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের ৯২৬ কোটি ৭৪ লাখ ৯২ হাজার ২৯৮ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক আব্দুল্লাহ আল মামুন এ রায় দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রসিকিউটর মোহাম্মদ জহিরুল ইসলাম সাজার বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদক প্রসিকিউটর জানান, অর্থপাচারের দায়ে দুই আসামিকে ১২ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ অপরাধে সংশ্লিষ্ট ৪৬৩ কোটি ৩৭ লাখ ৪৬ হাজার ১৪৯ টাকার দ্বিগুণ, অর্থাৎ ৯২৬ কোটি ৭৪ লাখ ৯২ হাজার ২৯৮ টাকা তাঁদের জরিমানা করা হয়েছে। এই অর্থ পরিশোধে ব্যর্থ হলে তাঁদের আরও এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
এ ছাড়া অপরাধমূলক বিশ্বাসভঙ্গের দায়ে দুজনকে আরও ১০ বছর করে সশ্রম কারাদণ্ড এবং ১০ লাখ টাকা করে অর্থদণ্ড দিয়েছেন আদালত। এ অর্থদণ্ড অনাদায়ে তাঁদের আরও এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
রায়ে আরও বলা হয়েছে, নির্ধারিত ৯২৬ কোটি ৭৪ লাখ ৯২ হাজার ২৯৮ টাকা পরিশোধ না করলে আসামিদের নামে থাকা স্থাবর ও অস্থাবর সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হবে।


































