চাকরির সাক্ষাৎকারে ‘কবে সন্তান নেবেন’ প্রশ্ন, বিব্রত ভারতীয় তরুণী
Published : ১৫:০৫, ১৯ অক্টোবর ২০২৬
চাকরির সাক্ষাৎকারে এক নারীকে তাঁর পারিবারিক পরিকল্পনা নিয়ে প্রশ্ন করে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করেছেন মানবসম্পদ বিভাগের (এইচআর) এক প্রতিনিধি। ভারতের শাতাক্ষী দ্বিবেদী নামের ওই নারী সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অভিজ্ঞতা তুলে ধরে জানান, বিবাহিত জানার পর তাঁকে শিগগিরই সন্তান নেওয়ার পরিকল্পনা আছে কি না, তা জানতে চাওয়া হয়।
ইনস্টাগ্রামে প্রকাশিত এক ভিডিওতে দ্বিবেদী বলেন, চাকরির সাক্ষাৎকারে তাঁকে করা সবচেয়ে অনুপযুক্ত প্রশ্নগুলোর মধ্যে এটি অন্যতম। তাঁর মতে, সাক্ষাৎকারের শুরুতে আলোচনা ছিল কাজের সঙ্গে সম্পর্কিত বাস্তব বিষয় নিয়ে।
দ্বিবেদী জানান, প্রথমে তাঁকে কোথায় থাকেন এবং অফিসে যাতায়াতে কোনো অসুবিধা হবে কি না, তা জিজ্ঞেস করা হয়। তিনি বলেন, যাতায়াত নিয়ে তাঁর কোনো সমস্যা নেই। তাঁর স্বামীও একই এলাকায় যাতায়াত করেন, তাই প্রয়োজনে তিনি স্বামীর সঙ্গে অফিসে যেতে পারবেন।
তবে এরপরই কথোপকথনের মোড় ঘুরে যায়। এইচআর প্রতিনিধি তাঁকে বলেন, ‘একটা প্রশ্ন করতে আপনার আপত্তি নেই তো? আপনি শিগগিরই সন্তান নেওয়ার পরিকল্পনা করছেন না, তাই তো?’ এমন প্রশ্নে হতবাক হয়ে যান দ্বিবেদী।
এই অভিজ্ঞতা তুলে ধরে নারীর ক্ষমতায়ন নিয়ে প্রতিষ্ঠানগুলোর বক্তব্য ও বাস্তব নিয়োগপ্রক্রিয়ার মধ্যে ব্যবধানের সমালোচনা করেন তিনি। দ্বিবেদীর ভাষায়, ‘এরপর আমরা আবার কাচের ছাদ ভাঙার কথা বলি। এসব প্রতিষ্ঠানই নারীর ক্ষমতায়ন নিয়ে সবচেয়ে বেশি কথা বলে।’
কোন প্রতিষ্ঠানে সাক্ষাৎকারটি হয়েছিল, তা প্রকাশ করেননি দ্বিবেদী। তবে তাঁর অভিজ্ঞতা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। অনেক ব্যবহারকারী নিজেদের চাকরির সাক্ষাৎকারে বিয়ে, সন্তান নেওয়া ও পারিবারিক পরিকল্পনা নিয়ে প্রশ্নের মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা শেয়ার করেছেন।
কেউ কেউ দ্বিবেদীর প্রতি সহমর্মিতা জানিয়েছেন। অন্যরা বলেছেন, শুধু বিবাহিত নারীরাই নন, অবিবাহিত নারীদেরও ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়। তাঁদের কখন বিয়ে করার পরিকল্পনা রয়েছে, এমন প্রশ্নও করা হয় বলে মন্তব্য করেছেন অনেকে।
এক ব্যবহারকারী মন্তব্য করেন, অবিবাহিত নারীদের জিজ্ঞেস করা হয় তাঁরা কবে বিয়ে করবেন, বিবাহিত নারীদের প্রশ্ন করা হয় কবে সন্তান নেবেন, আর সন্তান থাকলে জানতে চাওয়া হয় কীভাবে কাজ ও সন্তান সামলাবেন। তাঁর মতে, নারীদের ব্যক্তিগত জীবন নিয়ে এমন প্রশ্ন চাকরির সাক্ষাৎকারে দীর্ঘদিন ধরে চলে আসছে।
আরেক ব্যবহারকারী জানান, ২০২৬ সালেও তাঁকে সন্তান নেওয়ার পরিকল্পনা সম্পর্কে সরাসরি প্রশ্ন করা হয়েছে। তৃতীয় এক ব্যবহারকারী পরামর্শ দেন, এমন প্রশ্নের জবাবে প্রার্থী বলতে পারেন যে তিনি নিজের ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ মেনে নেন না, অথবা নীরব থেকে নিজের অসন্তোষ প্রকাশ করতে পারেন।
































