লিভারপুলের প্রায় এক-তৃতীয়াংশ শেয়ার বিক্রির আলোচনা, জোটে বেজোস-সাভেরিন

লিভারপুলের প্রায় এক-তৃতীয়াংশ শেয়ার বিক্রির আলোচনা, জোটে বেজোস-সাভেরিন ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

Published : ১৯:২৮, ১০ আগস্ট ২০২৬

ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম সফল ক্লাব লিভারপুলের প্রায় এক-তৃতীয়াংশ শেয়ার বিক্রির আলোচনা বেশ জোরালোভাবে এগোচ্ছে। ক্লাবটির মালিকানা প্রতিষ্ঠান ফেনওয়ে স্পোর্টস গ্রুপের (এফএসজি) সঙ্গে একটি বিনিয়োগকারী জোটের আলোচনা চলছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমস।


ব্রিটিশ-ভারতীয় ব্যবসায়ী অমিত ভাটিয়ার নেতৃত্বাধীন এই জোটে রয়েছেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ব্যক্তি ও আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস এবং ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা এদুয়ার্দো সাভেরিন। গত প্রায় তিন মাস ধরে এফএসজির সঙ্গে জোটটির আলোচনা চলছে।


একটি সূত্র দ্য টাইমসকে জানিয়েছে, আলোচনা চলমান থাকলেও বিষয়টি ইতিবাচক দিকেই এগোচ্ছে। অন্যদিকে স্কাই নিউজের দাবি, আগামী সপ্তাহের মধ্যেই চুক্তি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।


প্রস্তাবিত চুক্তিতে লিভারপুলের মূল্য ধরা হচ্ছে প্রায় ৪৫০ কোটি পাউন্ড। চুক্তি সম্পন্ন হলে অ্যানফিল্ডের ক্লাবটির মালিকানা কাঠামোয় বিশ্বের শীর্ষ ধনী কয়েকজন ব্যবসায়ী যুক্ত হবেন।


তবে নতুন বিনিয়োগ এলেও লিভারপুলের খেলোয়াড় কেনার ক্ষেত্রে সরাসরি বড় ধরনের পরিবর্তন আসবে না।

প্রিমিয়ার লিগের ‘স্কোয়াড কস্ট রেশিও’ নিয়ম অনুযায়ী, ক্লাবগুলোর ফুটবল-সংক্রান্ত ব্যয় নির্দিষ্ট সীমার মধ্যে রাখতে হয়।

ফলে নতুন মালিকদের বিপুল অর্থ থাকলেও তা ইচ্ছামতো খেলোয়াড় কেনার জন্য ব্যবহার করা সম্ভব হবে না।


তবে এই বিনিয়োগের ফলে লিভারপুলের বাণিজ্যিক আয়ের নতুন সুযোগ তৈরি হতে পারে। পাশাপাশি ক্লাবের অবকাঠামো, প্রযুক্তি ও অন্যান্য দীর্ঘমেয়াদি উন্নয়নেও বিনিয়োগ বাড়ার সম্ভাবনা রয়েছে।


জোটের নেতা অমিত ভাটিয়া গত মাসে ইংলিশ চ্যাম্পিয়নশিপের ক্লাব কুইন্স পার্ক রেঞ্জার্সের বোর্ড থেকে সরে দাঁড়ান। প্রায় ১৮ বছর ক্লাবটির সঙ্গে যুক্ত থাকার পর নিজের শেয়ার রুবেন জ্ঞানালিঙ্গমের কাছে হস্তান্তর করেন তিনি।


এদিকে জেফ বেজোস ও এদুয়ার্দো সাভেরিনের বিপুল সম্পদও এই সম্ভাব্য বিনিয়োগের সক্ষমতা নিয়ে আলোচনায় এসেছে।

ফোর্বসের হিসাব অনুযায়ী, বেজোসের সম্পদের পরিমাণ ২৮ হাজার কোটি ডলারের বেশি এবং সাভেরিনের সম্পদ ৩ হাজার ২০০ কোটি ডলারেরও বেশি।


২০১০ সালের অক্টোবরে টম হিকস ও জর্জ জিলেটের কাছ থেকে প্রায় ৩০ কোটি পাউন্ডে লিভারপুল কিনেছিল এফএসজি।

তাদের মালিকানায় ক্লাবটি দুটি প্রিমিয়ার লিগ এবং একটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতেছে। এ ছাড়া অ্যানফিল্ডের সংস্কার এবং কার্কবিতে নতুন অনুশীলন কেন্দ্র নির্মাণেও বিনিয়োগ করেছে এফএসজি।


প্রায় এক-তৃতীয়াংশ শেয়ার বিক্রির আলোচনা সামনে আসায় এফএসজি ভবিষ্যতে ধীরে ধীরে লিভারপুলের মালিকানা থেকে সরে যাবে কি না, তা নিয়েও আলোচনা শুরু হয়েছে। তবে দ্য টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, স্বল্পমেয়াদে এই বিনিয়োগ লিভারপুলের ব্যবসায়িক ভিত্তি আরও শক্তিশালী করার লক্ষ্যেই করা হচ্ছে।


এর আগে ২০২৩ সালে ডাইনেস্টি ইকুইটির কাছে লিভারপুলের একটি ছোট অংশের শেয়ার বিক্রি করেছিল এফএসজি।

তখন এফএসজির সভাপতি মাইক গর্ডন জানিয়েছিলেন, লিভারপুলের প্রতি তাদের দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতি অটুট রয়েছে।


 

শেয়ার করুনঃ
Advertisement