দীর্ঘ বিরতির পর জোভান-তিশার ‘প্রতিশোধ’, মুগ্ধ দর্শক

দীর্ঘ বিরতির পর জোভান-তিশার ‘প্রতিশোধ’, মুগ্ধ দর্শক ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

Published : ১২:৫৫, ১২ আগস্ট ২০২৬

একসময় নাটকের জনপ্রিয় জুটি ছিলেন অভিনয়শিল্পী ফারহান আহমেদ জোভান ও তানজিন তিশা। ‘আই হেট লাভ স্টোরি’, ‘মাতাল হাওয়া’, ‘কি করে বলব তোকে’, ‘কাপল ক্যাম্পাস’সহ বেশ কিছু নাটকে একসঙ্গে অভিনয় করে দর্শকের প্রশংসা কুড়িয়েছেন তারা। দীর্ঘ বিরতির পর নতুন নাটক ‘প্রতিশোধ’ নিয়ে আবারও পর্দায় ফিরেছেন জনপ্রিয় এই জুটি।

জোভান-তিশার ভক্তদের কাছে এই জুটি ‘তিভান’ নামে পরিচিত। একসময় তাদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুক গ্রুপও ছিল। নতুন নাটকটি মুক্তির পর দর্শকের মন্তব্যে আবারও উঠে এসেছে পুরোনো সেই জুটির প্রসঙ্গ।

নাটকটির মন্তব্যের ঘরে রুদ্র নামের এক দর্শক লিখেছেন, দীর্ঘদিন ধরে জোভান-তিশার সব নাটক দেখেন তিনি। পুরোনো জুটিগুলোর মধ্যে তাদের রসায়ন আলাদা আকর্ষণ তৈরি করে বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে এই জুটির আরও নিয়মিত নাটক দেখতে চেয়েছেন ওই দর্শক।

তোফাজ্জল হোসেন নামে আরেক দর্শক লিখেছেন, অনেক দিন পর জোভান-তানজিন তিশা জুটির নতুন নাটক দেখে ভালো লেগেছে। গল্পের পাশাপাশি দুজনের স্বাভাবিক অভিনয় ও পারস্পরিক বোঝাপড়ার প্রশংসা করে তিনি বলেন, এই জুটির অনস্ক্রিন কেমিস্ট্রি দর্শকদের এখনো মুগ্ধ করে।

দীর্ঘ বিরতির পর একসঙ্গে

জোভান ও তানজিন তিশা প্রায় একই সময়ে ক্যারিয়ার শুরু করেন। একসময় নিয়মিত একসঙ্গে কাজ করলেও পরে তারা অভিনয় থেকে দূরে সরে যান। দীর্ঘ সময় পর ‘প্রতিশোধ’ নাটকের মাধ্যমে আবারও একসঙ্গে অভিনয় করলেন তারা।

জোভান বলেন, ‘অনেক দিন পরে আমাদের কাজ। এর শুটিং করেছিলাম ঈদের আগে।’

ক্যারিয়ার নিয়ে প্রতিশোধের গল্প

‘প্রতিশোধ’ নাটকের গল্প গড়ে উঠেছে ক্যারিয়ার ও চাকরিকে কেন্দ্র করে। বিদেশে পড়াশোনা শেষ করে এক বছর চাকরি করার পর দেশে ফেরে এক তরুণ। দেশে ফিরে একটি প্রতিষ্ঠানে সিইও পদে চাকরির সাক্ষাৎকার দিতে গিয়ে ভিন্ন এক অভিজ্ঞতার মুখোমুখি হয় সে।

এরপর গল্প মোড় নেয় ক্যারিয়ারকেন্দ্রিক এক প্রতিশোধের দিকে। নাটকের মাধ্যমে চাকরিতে নিয়োগের আগে প্রার্থীদের কাছ থেকে বিভিন্ন ধরনের অভিজ্ঞতা চাওয়া এবং কর্মজীবনের নানা বাস্তবতা তুলে ধরা হয়েছে। পাশাপাশি দর্শকদের জন্য সচেতনতামূলক বার্তাও রয়েছে নাটকটিতে।

কারা আছেন ‘প্রতিশোধ’-এ

নাটকটি পরিচালনা করেছেন মাহমুদ মহিন। গল্প ও চিত্রনাট্যে রয়েছেন শাহজাহান সৌরভ ও মাহমুদ মহিন।

জোভান ও তানজিন তিশার পাশাপাশি নাটকটিতে অভিনয় করেছেন আরেফিন জিলানী, মানস বন্দ্যোপাধ্যায় ও বড়দা মিঠু।

নাটকটি সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে। দীর্ঘ বিরতির পর প্রিয় জুটিকে একসঙ্গে দেখে উচ্ছ্বাস প্রকাশ করছেন তাদের ভক্তরা। অনেক দর্শকই এখন জোভান-তিশাকে আরও নিয়মিত নাটকে দেখতে চান।

শেয়ার করুনঃ
Advertisement