বিয়ে নিয়ে গুঞ্জন, যা বললেন পূজা চেরি

বিয়ে নিয়ে গুঞ্জন, যা বললেন পূজা চেরি ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

Published : ১৯:১৫, ১৮ আগস্ট ২০২৬

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরিকে ঘিরে বিয়ের গুঞ্জন ছড়িয়েছে। এক ব্যবসায়ীর সঙ্গে নাকি গোপনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে এমন দাবি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।

তবে গুঞ্জনটি সরাসরি নাকচ করেছেন পূজা চেরি। সোমবার (১৭ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি জানান, তাকে নিয়ে ছড়ানো বিয়ের খবর ভিত্তিহীন ও মনগড়া।

পূজা চেরি বলেন, তার ব্যক্তিগত জীবন ও বিয়ে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত বেশ কিছু খবর ভুয়া ও বিভ্রান্তিকর। এসব সংবাদ তাকে ব্যক্তিগতভাবে অস্বস্তিতে ফেলছে।

অভিনেত্রী জানান, এর আগে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন যে তার বাগদান হয়েছে এবং পরিবারের সিদ্ধান্তেই তার বিয়ে ঠিক হয়েছে। তবে বিয়ের অনুষ্ঠান কবে হবে, তা তিনি যথাসময়ে নিজেই সবাইকে জানাবেন।

পূজা আরও জানান, বর্তমানে তিনি ব্যক্তিগত সময় কাটাচ্ছেন এবং আসন্ন কাজের জন্য প্রস্তুতি নিচ্ছেন। তার দাবি, এখনো তার বিয়ে হয়নি। যাচাই ছাড়া বারবার তাকে নিয়ে সংবাদ প্রকাশের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

ব্যক্তিগত গোপনীয়তা ও সুনাম রক্ষার অধিকার উল্লেখ করে পূজা বলেন, কারও ব্যক্তিস্বাধীনতায় হস্তক্ষেপ করে মিথ্যা তথ্য প্রচার আইনত অপরাধ। এ বিষয়ে তিনি বাংলাদেশের সংবিধানের ৩১ ও ৪৩ অনুচ্ছেদ এবং সাইবার নিরাপত্তা আইন, ২০২৩-এর ২৫ ধারার উল্লেখ করেন।

পোস্টের শেষাংশে ভক্ত ও গণমাধ্যমের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে পূজা সাংবাদিকদের যাচাই ছাড়া কোনো তথ্য প্রকাশ না করার অনুরোধ করেন। একই সঙ্গে তার নীরবতাকে ভিত্তিহীন সংবাদ প্রকাশের সুযোগ হিসেবে ব্যবহার করা হলে আইনি পদক্ষেপ নেওয়ারও সতর্কবার্তা দেন।

শেয়ার করুনঃ
Advertisement