ভারতের উত্তর গোয়ার আরপোরা এলাকায় একটি জনপ্রিয় নাইটক্লাবে শনিবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে। বিষয়টি আজ রোববার ভোরে নিশ্চিত করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্তসহ স্থানীয় সরকারি কর্মকর্তারা।
ভারতীয় সংবাদসংস্থা পিটিআই জানায়, আরপোরা অঞ্চলের ক্লাবটিতে মধ্যরাতের ঠিক পর আগুন লাগার পরপরই পরিস্থিতি দ্রুত ভয়াবহ রূপ নেয়। নিহতদের মধ্যে বেশ কয়েকজন বিদেশি ও দেশি পর্যটকও রয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শোকবার্তা দিয়ে মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত লিখেছেন, গোয়ার জন্য আজকের দিনটি অত্যন্ত দুঃখের। অগ্নিকাণ্ডে ২৩ জনের প্রাণহানি হয়েছে, যা সত্যিই বেদনাদায়ক। তিনি আরও জানান, তিনি ঘটনাস্থল ঘুরে দেখেছেন এবং ঘটনার উৎস ও দায়ীদের শনাক্ত করতে তদন্তের নির্দেশ দিয়েছেন। দায়ী কেউ ছাড়া পাবেন না বলেও সতর্ক করেন তিনি।
সাওয়ান্ত পরে সাংবাদিকদের বলেন, নিহতদের তিনজন দগ্ধ হয়ে এবং বাকিরা ধোঁয়ার কারণে শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছেন। নিহতদের মধ্যে তিন থেকে চারজন পর্যটক বলেও তিনি জানান।
ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, ‘বার্চ বাই রোমিও লেন’ নামে ওই নাইটক্লাবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। আগুনের খবর পাওয়া মাত্রই ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। নিহতদের বেশিরভাগই ক্লাবের কর্মী ছিলেন বলে মনে করা হচ্ছে।
































