মোদীর সঙ্গে বৈঠক করলেন বাংলাদেশের ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Published : ০০:৪১, ১২ আগস্ট ২০২৬
ঢাকা: বাংলাদেশের নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছেন। মঙ্গলবার (১১ আগস্ট) অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্ক, সাম্প্রতিক কূটনৈতিক পরিস্থিতি এবং দুই দেশের মধ্যে চলমান বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে কূটনৈতিক সূত্র জানিয়েছে।
ঢাকায় দায়িত্ব নেওয়ার পর দীনেশ ত্রিবেদীর দিল্লি সফরকে বাংলাদেশ-ভারত সম্পর্ক পুনর্গঠনের প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে। সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে বিভিন্ন ইস্যুতে অস্বস্তি ও মতপার্থক্য তৈরি হওয়ার পর উচ্চপর্যায়ে যোগাযোগ জোরদারের উদ্যোগের মধ্যেই এই বৈঠক অনুষ্ঠিত হলো।
কূটনৈতিক সূত্রগুলো বলছে, বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের বর্তমান পরিস্থিতি, পারস্পরিক আস্থা বৃদ্ধি এবং অমীমাংসিত বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। তবে বৈঠকে আলোচিত নির্দিষ্ট বিষয়গুলো সম্পর্কে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।
এর আগে ঢাকায় ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব নেওয়ার পর সোমবার (১০ আগস্ট) প্রথমবার বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন দীনেশ ত্রিবেদী।
প্রধানমন্ত্রীর সঙ্গে ওই বৈঠকে বাংলাদেশ-ভারত সম্পর্ককে আরও এগিয়ে নেওয়া, পারস্পরিক আস্থা বাড়ানো এবং অমীমাংসিত বিষয়গুলো আলোচনার মাধ্যমে সমাধানের ওপর গুরুত্ব দেওয়া হয় বলে জানা গেছে।
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর সোমবার বিকেলেই দিল্লির উদ্দেশে ঢাকা ছাড়েন দীনেশ ত্রিবেদী। এর পরদিনই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর বৈঠক অনুষ্ঠিত হলো।
পরপর দুই দিনে ঢাকা ও দিল্লির শীর্ষ পর্যায়ে যোগাযোগকে বাংলাদেশ-ভারত সম্পর্কের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে সাম্প্রতিক টানাপোড়েনের পর নিয়মিত কূটনৈতিক যোগাযোগ দুই দেশের মধ্যে আস্থা পুনর্গঠনে ভূমিকা রাখতে পারে বলে মনে করা হচ্ছে।
বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য, সীমান্ত ব্যবস্থাপনা, পানি বণ্টন, জ্বালানি, যোগাযোগ, ভিসা এবং আঞ্চলিক সহযোগিতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় দীর্ঘদিন ধরে আলোচনায় রয়েছে। এসব ইস্যুতে পারস্পরিক স্বার্থ ও সমতার ভিত্তিতে সমাধানের জন্য নিয়মিত উচ্চপর্যায়ের যোগাযোগ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন কূটনীতিকরা।
এমডিএইচ
































