নিঝুম দ্বীপের বালিতে মূল্যবান খনিজের সন্ধান, শিল্পে নতুন সম্ভাবনার ইঙ্গিত
Published : ২১:০৩, ১২ আগস্ট ২০২৬
বঙ্গোপসাগরের বুকে মেঘনা মোহনায় অবস্থিত নিঝুম দ্বীপের সৈকতের বালিতে বিপুল পরিমাণ মূল্যবান ভারী খনিজের সন্ধান পেয়েছেন গবেষকরা। সাম্প্রতিক খনিজতাত্ত্বিক বিশ্লেষণে দেখা গেছে, সৈকতের মোট পলির প্রায় ২৫ শতাংশই টোটাল হেভি মিনারেলস (THM), যার মধ্যে রয়েছে জিরকন, রুটাইল, ইলমেনাইট, গার্নেট, সিলিম্যানাইট, কায়ানাইট, মোনাজাইট ও জেনোটাইমের মতো উচ্চমূল্যের শিল্পখনিজ।
গবেষকদের মতে, এই আবিষ্কার বাংলাদেশের শিল্পখনিজ অনুসন্ধান ও খনিজভিত্তিক শিল্প বিকাশে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে। সিরামিক, রং, ধাতু প্রক্রিয়াজাতকরণ, ওয়েল্ডিং রড, রিফ্র্যাক্টরি এবং টাইটানিয়ামভিত্তিক বিভিন্ন শিল্পে এসব খনিজ গুরুত্বপূর্ণ কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়।
গবেষণায় দেখা যায়, গঙ্গা–ব্রহ্মপুত্র–মেঘনা নদীব্যবস্থার মাধ্যমে হিমালয় থেকে বহন হয়ে আসা বিপুল পলি দীর্ঘ সময় ধরে মোহনা ও উপকূলীয় অঞ্চলে জমা হয়ে এই খনিজসমৃদ্ধ বালুর স্তর তৈরি করেছে। নদীর স্রোত, জোয়ার-ভাটা এবং সমুদ্রতলের প্রাকৃতিক প্রক্রিয়ায় ভারী খনিজগুলো নির্দিষ্ট এলাকায় ঘনীভূত হয়েছে।
খনিজ বিশ্লেষণে সিলিম্যানাইট, গার্নেট, জিরকন, রুটাইল, ইলমেনাইট, কায়ানাইট, মোনাজাইট ও জেনোটাইম ছাড়াও অ্যামফিবোল ও পাইরক্সিন গ্রুপের বিভিন্ন খনিজ শনাক্ত হয়েছে। বালুর চৌম্বকীয় অংশে এনস্টাটাইট, বায়োটাইট, পারগাসাইট, ডায়োপসাইড, স্পিনেল, ট্রেমোলাইট, টাইটানাইট, হর্নব্লেন্ডসহ আরও একাধিক খনিজের উপস্থিতিও পাওয়া গেছে।
গবেষণায় উন্নত এক্স-রে ডিফ্র্যাকশন (XRD) প্রযুক্তি ব্যবহার করে জাপানের Rigaku SmartLab SE যন্ত্রের মাধ্যমে বালুর নমুনা বিশ্লেষণ করা হয়েছে। পরে X’Pert HighScore Plus সফটওয়্যারের সাহায্যে ডিজিটাল ডেটা বিশ্লেষণ করে খনিজগুলোর সুনির্দিষ্ট পরিচয় নিশ্চিত করা হয়।
গবেষকরা জানান, দেশের আটটি প্রধান নদী অববাহিকায় পরিচালিত বৃহৎ জরিপে ৫ হাজার ৪৮১ বর্গকিলোমিটার এলাকায় ৬ হাজার ৬০০টিরও বেশি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ৮০০টির বেশি নমুনার পেট্রো-মিনারেলজিক্যাল, রাসায়নিক ও ভৌত বিশ্লেষণ সম্পন্ন হয়েছে। গবেষণার উদ্দেশ্য ছিল বাংলাদেশের নদী ও উপকূলীয় পলিতে শিল্পে ব্যবহারের উপযোগী খনিজসম্পদের সম্ভাবনা মূল্যায়ন করা।
গবেষকদের মতে, নিঝুম দ্বীপে পাওয়া জিরকন, রুটাইল ও ইলমেনাইট টাইটানিয়ামভিত্তিক শিল্প, সিরামিক ও রং শিল্পে ব্যবহারের সম্ভাবনা রাখে। গার্নেট ঘর্ষণকারী উপাদান হিসেবে এবং সিলিম্যানাইট ও কায়ানাইট উচ্চ তাপমাত্রা সহনশীল রিফ্র্যাক্টরি শিল্পে ব্যবহৃত হতে পারে। অন্যদিকে মোনাজাইট ও জেনোটাইম বিরল মৃত্তিকা উপাদানের (Rare Earth Elements) সম্ভাব্য উৎস হিসেবে অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ।
তবে গবেষকরা সতর্ক করে বলেছেন, কোনো এলাকায় ভারী খনিজের উচ্চ উপস্থিতি পাওয়া গেলেই সেটিকে বাণিজ্যিক খনিজ মজুদ হিসেবে ঘোষণা করা যায় না। বাণিজ্যিক উত্তোলনের আগে মজুদের পরিমাণ, বিস্তৃতি, গভীরতা, খনিজের ঘনত্ব, উত্তোলন ব্যয়, প্রক্রিয়াজাতকরণের সক্ষমতা এবং পরিবেশগত প্রভাব নিয়ে বিস্তারিত সমীক্ষা প্রয়োজন।
বিশেষ করে নিঝুম দ্বীপ একটি সংবেদনশীল উপকূলীয় অঞ্চল হওয়ায় খনিজ উত্তোলনের সম্ভাব্য প্রভাব স্থানীয় জীববৈচিত্র্য ও পরিবেশের ওপর কী হতে পারে, তা সতর্কতার সঙ্গে মূল্যায়ন করতে হবে।
গবেষকদের মতে, নিঝুম দ্বীপের এই প্রাথমিক আবিষ্কার বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ সম্ভাবনার বার্তা বহন করছে। পরিকল্পিত অনুসন্ধান ও পরিবেশসম্মত ব্যবস্থাপনার মাধ্যমে ভবিষ্যতে দেশীয় শিল্পের কাঁচামালের চাহিদা পূরণের পাশাপাশি মূল্য সংযোজন করে খনিজ রপ্তানির নতুন সুযোগও সৃষ্টি হতে পারে।































